উখিয়া প্রতিনিধি
কক্সবাজারের উখিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে মো. আলী নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুই ঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে।
ব্যবসায়ী মো. জাকরিয়া জানান, বিকেলে হঠাৎ উখিয়া বাজারের পশ্চিম দিকে একটি মার্কেটে আগুন লেগে দাউ দাউ করে জ্বলতে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ, আনসারসহ উপজেলা প্রশাসনের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। দুই ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় মো. আলী নামে এক কাপড়ের ব্যবসায়ী দগ্ধ হয়ে মারা যান।
উখিয়া বাজারে ব্যবসায়ী আমান উল্লাহ জানান, উখিয়া বাজারে পশ্চিম পাশের মাকের্টে আগুন লেগে কাপড়, ফল, সার, মুদি, ওষুধ, কাঁচামাল ও লন্ড্রিসহ আনুমানিক ২০টি দোকান পুড়ে গেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি।
উখিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা ডলার বড়ুয়া বলেন, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। অগ্নিদগ্ধ হয়ে একজন মারা গেছেন, তিনজন আহত হয়েছেন।উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান চৌধুরী জানান, ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটসহ সেনাবাহিনী, পুলিশ, আনসার ও উপজেলা প্রশাসনসহ স্থানীয়দের সহায়তায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকান্ডে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ১৫-২০টি দোকান পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে কাজ চলছে।











