বোয়ালখালীতে সেনাবাহিনীর হাতে আটক ৩

0

বোয়ালখালী প্রতিনিধি

বোয়ালখালীতে অভিযান চালিয়ে ৪টি ককটেল, দেশে তৈরি বন্দুক ও কার্তুজসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। গত বুধবার সন্ধ্যায় পৌরসভার জামতল থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন বোয়ালখালী আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শেখ আবরার ফাইয়াজ।
তিনি বলেন, নাশকতার উদ্দেশ্যে কয়েকজন ব্যক্তি জামতল এলাকায় একটি খামারে অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌরসভার পশ্চিম কধুরখীলের মৃত নুরুল ইসলামের ছেলে নুরুল আমীন (৪৬), মৃত আব্দুল আজিজের ছেলে মোহাম্মদ আবু নাসের জিলানী (৫২) ও মো. জামালের ছেলে মোহাম্মদ শাহাদাত হোসেনকে (৪২) আটক করা হয়। এর মধ্যে নুরুল আমীন যুবলীগ, আবু নাসের জিলানী ও শাহাদাত হোসেন আওয়ামী রাজনীতির সাথে জড়িত রয়েছেন।
এসময় তাদের কাছ থেকে ৪টি তাজা ককটেল, ১টি দেশি বন্দুক, ১টি তাজা কার্তুজ, ১টি হিরোগ্লামার মোটরসাইকেল, ৪টি মোবাইল সেট এবং নগদ ৮৯ হাজার ২৮ টাকা জব্দ করা হয়।
আটকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় সোপর্দ করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, নুরুল আমীনের বিরুদ্ধে জাতীয় নির্বাচনে অস্ত্রবাজি করে ভোটকেন্দ্র দখল, চাঁদাবাজি, দখলবাজি এবং ২০১৫ সালের ১৫ জানুয়ারি চৌধুরীহাটে অবস্থিত সৌখিন সিটি মার্কেট সশস্ত্র গোলাগুলির মাধ্যমে দখলের অভিযোগ রয়েছে।