বোয়ালখালীতে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ২

2

বোয়ালখালী প্রতিনিধি

বোয়ালখালীতে গতকাল মঙ্গলবার পৃথক অভিযানে যুবলীগ নেতাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘরের আন্ডারগ্রাউন্ডের সুরঙ্গ থেকে সকাল সাড়ে ৭টার দিকে গ্রেপ্তার করা হয় যুবলীগ নেতা মো. শওকত হোসেন খোকন ওরফে খোকন আহমেদকে ।
গ্রেপ্তার অন্য আসামি হলেন, মুজিব সৈনিক সৈয়দ মোহাম্মদ সরোয়ার (৪৫)। তিনি উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের খন্দকার পাড়ার মৃত জহির আহমদের ছেলে।
জানা যায়, মো. শওকত হোসেন খোকন উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ১ নাম্বার ওয়াডের ছনদন্ডী গ্রামের ফারুকী পাড়ার মৃত আহমদ মিয়ার ছেলে। তিনি উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক।
থানা সূত্রে জানা গেছে, গত বছরে ৫ আগস্টের পর দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে দেয়াল লিখন, পোস্টারিং করে দলীয় কর্মসূচি পালন করে আসছিলেন খোকন। পাশাপাশি গুজবও ছড়িয়ে যাচ্ছিলেন সমানতালে। তাকে ধরতে পুলিশ একাধিকবার অভিযান চালিয়ে ব্যর্থ হয়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, সে অত্যন্ত দুর্ধর্ষ। দীর্ঘদিন ধরে কৌশলী ভূমিকা পালন করে পুলিশের চোখ ফাঁকি দিয়ে যাচ্ছিল। তার গতিবিধি নজরদারির মধ্যে দিয়ে অবশেষে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।
তিনি জানান, আজ (মঙ্গলবার) ফজরের নামাজের পরে খোকনের বাড়ির পাশে অবস্থান নেয় পুলিশ। সে বাড়িতে প্রবেশ করার পরপরই অভিযান শুরু করা হয়। তবে ঘরে তাকে পাওয়া যায়নি। পরে ঘরের টাইলসের নিচ দিয়ে করা একটি আন্ডারগ্রাউন্ড সুরঙ্গের সন্ধান মেলে। সেই সুরঙ্গ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এদিকে গত সোমবার (১০ নভেম্বর) ছাত্র-জনতার আন্দোলনে হামলা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে সরোয়ারকে গ্রেপ্তার করা হয়। গতকাল সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, সরোয়ারের বিরুদ্ধে রাজধানীর উত্তরা পূর্ব থানায় ২০১৮ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে চট্টগ্রামে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ১টি সিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।