হাটহাজারী প্রতিনিধি
রাজধানী ঢাকায় হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় দেশব্যাপী দোয়ার আহবান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান।
গতকাল শনিবার রাত ৮ টার দিকে সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে এর আহবান জানান।
বিবৃতিতে তারা বলেন, হাসপাতালে গুরুতর অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় আমরা দেশবাসীকে দোয়া করার জন্য আহবান জানাচ্ছি। আমরাও দোয়া করছি, আল্লাহ রাব্বুল আ’লামীন তাকে দ্রুত সুস্থ করে জাতির এই দুর্দিনে আবারও দেশের হাল ধরার তাওফিক দান করুন আমীন।
তারা আরও বলেন, ২০১৩ সালে শাহবাগের ইসলামবিদ্বেষী নাস্তিকদের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়ে ইসলাম, দেশ ও জাতির স্বার্থের পক্ষে দাঁড়িয়েছিলেন খালেদা জিয়া। ভারতপন্থী সেকুলার প্রগতিশীলদের উপক্ষো করে হেফাজতের আন্দোলনে সমর্থন দিয়েছিলেন। হেফাজতের পাশে থাকতে তার দলের নেতাকর্মীদেরও নির্দেশ দিয়েছিলেন। তিনি একজন দেশপ্রেমিক ও সাহসী ঈমানদার নারী। তার কাছ থেকে রাজনৈতিক নেতৃবৃন্দের শিক্ষা নেওয়া সময়ের অপরিহার্য দাবি।
হেফাজত নেতারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু সাবেক প্রধানমন্ত্রীই নন, শহীদ রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানেরও সহধর্মিনী। শহীদ জিয়া আলেম-ওলামাকে ভালোবাসতেন। স্বামীর আদর্শ ও পদাঙ্ক অনুসরণ করে ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে খালেদা জিয়া আপসহীনভাবে লড়াই করে গেছেন। মিথ্যা মামলায় জেল খেটেছেন। নানা প্রোপাগান্ডার শিকার হয়েছেন। ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে তার সুদীর্ঘ ত্যাগ-তিতিক্ষা ও সংগ্রাম দেশপ্রেমিক জনগণের জন্য অনুপ্রেরণা।











