বিমানবন্দরের রানওয়েতে হঠাৎ চলে এল শিয়াল

4

নিজস্ব প্রতিবেদক

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে হঠাৎ শিয়াল চলে আসায় ঢাকাগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট প্রায় ২৬ মিনিট আটকে ছিল। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মো. ইব্রাহিম খলিল জানান, ইউএস-বাংলার ইউএস-১০৬ ফ্লাইটটি সকাল ১১টা ৪০ মিনিটে উড্ডয়নের জন্য রানওয়েতে অবস্থান নেয়। ঠিক সেই মুহূর্তে পাইলট রানওয়ের মাঝামাঝি সন্দেহজনক নড়াচড়া দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে টাওয়ারে বার্তা পাঠান।পরে রানওয়ে পরিদর্শন টিম দ্রæত ঘটনাস্থলে গিয়ে দেখে, ঝোপ থেকে দৌড়ে আসা একটি শিয়াল রানওয়ে দখল করে আছে।
তিনি বলেন, আমাদের পরিদর্শনকারী টিম গাড়ি নিয়ে দ্রুত শিয়ালটিকে তাড়িয়ে রানওয়ে খালি করে। এরপর দুপুর ১২টা ৬ মিনিটে ফ্লাইটটি নিরাপদে উড্ডয়ন করে।
প্রকৌশলী ইব্রাহিম আরও জানান, প্রতিটি ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণের আগে নিয়মমাফিক রানওয়ে পরীক্ষা করা হয়। আজ (বুধবার) সকালেও রানওয়ে ক্লিয়ার ঘোষণা করা হয়েছিল। তবে রানওয়ের পাশে ঝোপঝাড় ও ঘন জঙ্গল থাকার কারণে অনেক সময় বন্য শিয়াল, সাপ ও পথকুকুর ঢুকে পড়ে।
তিনি বলেন, প্রতি ছয় মাস পরপর সিটি কর্পোরেশনের সহযোগিতায় বিমানবন্দর এলাকায় পথকুকুর ধরার অভিযান চালানো হয় এবং বিশেষ জালের সাহায্যে এদের ধরে টানেলের ওপারে আনোয়ারায় ছেড়ে দেওয়া হয়। রানওয়ের পাশের ঝোপগুলোও নিয়মিত পরিষ্কার করা হয়। ডিসেম্বরে আবারও অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে।