বিনিয়োগ করতে চায় পোর্ট সেক্টরে

3

নিজস্ব প্রতিবেদক

জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) প্রতিনিধি দল বাংলাদেশের বন্দর খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। গত বুধবার (২৬ নভেম্বর) দুপুরে দেশের প্রধান সমুদ্রবন্দর পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আব্দুল্লাহ’র সাথে সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানান।
জেট্রো জাপানের একটি বাণিজ্য সংস্থা, যারা জাপান এবং বিশ্বের অন্যান্য দেশের মধ্যে পারস্পরিক বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধিতে কাজ করে।
আলোচনাকালে কমডোর আহমেদ আমিন আব্দুল্লাহ চট্টগ্রাম বন্দরের বর্তমান পরিচালনাগত ক্ষমতা-দক্ষতা, বিভিন্ন উন্নয়ন প্রকল্প, নিরাপত্তা ব্যবস্থা, বিভিন্ন দেশের সাথে সরাসরি জাহাজ চলাচল, জাহাজের ওয়েটিং টাইম ও গড় অবস্থান কমানোসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে প্রতিনিধিদলকে অবগত করেন।
প্রতিনিধিদল বন্দরের সা¤প্রতিক সাফল্য, সরাসরি জাহাজ চলাচল চালু, ওয়েটিং টাইম ও টার্ন এরাউন্ড টাইম উল্লেখযোগ্য হারে কমিয়ে আনায় গভীর সন্তোষ প্রকাশ করেন। এছাড়াও বন্দরের ভবিষ্যৎ প্রকল্প বাস্তবায়ন, বিনিয়োগ বৃদ্ধি, ডিজিটালাইজেশন ও মানব সম্পদ উন্নয়নে বন্দরের প্রশংসা করেন।
আলোচনাকালে জাপানের ব্যবসায়ী প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দর পরিদর্শন ও বিনিয়োগ সম্ভাবনা সরেজমিনে দেখার আগ্রহ ব্যক্ত করেন। সদস্য (হারবার ও মেরিন) এ ব্যাপারে সকল সহযোগিতার আশ্বাস প্রদান করেন। প্রতিনিধি দলে ছিলেন কান্ট্রি রিপ্রেজেন্টিটিভ কাজুইকি কাতাওকা, রিপ্রেজেন্টিটিভ তোমোটাকা মিনোরা। এসময় বন্দরের সচিব মো. ওমর ফারুক, সহকারী হারবার মাস্টার ক্যাপ্টেন আতাউল হাকিম সিদ্দিকীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।