বিদেশি মালিকানায় বন্দর হস্তান্তরের পরিণতি খারাপ হবে : টিইউসি

1

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) চট্টগ্রাম জেলা কমিটির সমাবেশে শ্রমিক নেতারা চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালের পরিচালনার জন্য তথাকথিত ডিপি ওয়ার্ল্ডের কাছে সন্দেহজনকভাবে তড়িঘড়ির মধ্য দিয়ে কোন নিয়মনীতি, প্রক্রিয়া ও জনমতের তোয়াক্কা না করে হস্তান্তরের উদ্যোগকে দেশের সাথে অন্তর্বর্তী সরকারের বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করেছেন। তাঁরা বলেন, ডিপি ওয়ার্ল্ড কোন অতিশয় সুদক্ষ বা উচ্চতর রেকর্ডধারী প্রতিষ্ঠান নয়। একজন আমীরাতের মালিক ছাড়া কার্যত পুরো প্রতিষ্ঠানটি পরিচালনা করে আমেরিকানরা। মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় এ প্রতিষ্ঠান যেখানে দায়িত্ব নিয়েছে সেখানেই আমেরিকা সামরিক ঘাঁটি স্থাপন করেছে। অন্তর্বর্তী সরকারের কোন এখতিয়ারই নেই এরকম একটি চুক্তি করা।
৮ নভেম্বর বিকেল তিনটায় কোতোয়ালী মোড় সিডিএ ভবন চত্বরে চট্টগ্রাম জেলা কমিটির কার্যকরী সভাপতি পরিবহন শ্রমিক নেতা মৃণাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. মছিউদদৌলা, কোষাধ্যক্ষ মোহাম্মদ মুছা, সাংগঠনিক সম্পাদক রাহাতউল্লাহ জাহিদ, পরিবহন শ্রমিক নেতা সাইফুল ইসলাম শাহীন, নাভানা ব্যাটারীজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আবু তাহের, বেকারী এন্ড কনফেশনারী ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মোহাম্মদ রুবেল, এড. জহিরউদ্দীন মাহমুদ, মো. জসিমউদ্দিন প্রমুখ। সমাবেশের পর একটি মিছিল রাজপথ প্রদক্ষিণ করে। বিজ্ঞপ্তি