পূর্বদেশ ডেস্ক
আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল রবিবার বিচারপতি মো. গোলাম মতর্‚জা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেয়। অভিযোগের পক্ষে ট্রাইব্যুনালে শুনানি করেন কৌঁসুলি মো. মিজানুল ইসলাম; সঙ্গে ছিলেন কৌঁসুলি গাজী এমএইচ তামিম।
পরে তামিম সাংবাদিকদের বলেন, ‘মাননীয় ট্রাইবুন্যাল-১ অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শোকজ জারি করেছেন’।
আগামি ৮ ডিসেম্বর নিজের অ্যাকাডেমিক সনদ ও বার কাউন্সিলের সনদসহ সশরীরে উপস্থিত হতে ফজলুরকে ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছে বলে জানান কৌঁসুলি তামিম। খবর বিডিনিউজের
গত ২৬ নভেম্বর ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন। এর আগে ২৩ নভেম্বর একটি বেসরকারি টেলিভিশনে একটি টকশোতে গিয়ে শেখ হাসিনার রায় প্রসঙ্গে তিনি কথা বলেন। পেনড্রাইভে আনা তার এই বক্তব্যের কিছু অংশ বাজিয়ে ট্রাইব্যুনালে শোনানো হয়েছে।
আদালত অবমাননার অপরাধ প্রমাণিত হলে এক বছর বিনাশ্রম কারাদন্ড অথবা পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ড একসঙ্গে হতে পারে বলে জানিয়েছেন কৌঁসুলি মিজানুল ইসলাম।
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্যের জেরে গত ২৬ আগস্ট ফজলুর রহমানের প্রাথমিক সদস্যসহ সব পদ তিন মাসের জন্য স্থগিত করে বিএনপি।
গত ৩ নভেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে ২৩৭ আসনের সংসদ নির্বাচনের প্রার্থীর নাম ঘোষণা করেন, তাতে কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসনে রয়েছে ফজলুরের নাম।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ফজলুর রহমান আওয়ামী লীগ ছেড়ে ২০০৭ সালের দিকে বিএনপিতে যোগদান করেন এবং প্রায় আট বছর কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন।
এর আগেও কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) আসন থেকে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের প্রতিদ্ব›দ্বী হিসেবে ধানের শীষ প্রতীকে দু’বার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন।










