পূর্বদেশ ডেস্ক
বিএনপি ক্ষমতায় এলে ভারতের ‘দাদাগিরি’ বন্ধে বেশি গুরুত্ব দেবে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিএনপি যদি জনগণের ভোটে দায়িত্বে আসতে পারে, অন্যান্য বিষয়ের পাশাপাশি বেশি গুরুত্ব দেব ভারতের ‘দাদাগিরি’ বন্ধ করার জন্য।
এবার সবচেয়ে বেশি গুরুত্ব পাবে গঙ্গা ও ফারাক্কা ব্যারেজের বিষয়গুলো। এ ছাড়া সীমান্ত হত্যাও গুরুত্ব পাবে। বেশি গুরুত্ব পাবে ভারতের ‘দাদাগিরি’ বন্ধ করা।গতকাল শনিবার চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর উপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। খবর বিডিনিউজের।
এ সময় ভারত প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, তারা আমাদের প্রতবেশী দেশ। ইচ্ছে করলেই আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে।
তিনি বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভারত সহযোগিতা করেছিল। তাদের আরও বেশি করে বাংলাদেশকে সহযোগিতা করা দরকার। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা উল্টো দেখেছি। মোদি সরকার বাংলাদেশকে চাপে ফেলেছেন। সবকিছু নিয়ে গেছেন। কিন্তু আমাদের কিছু দেয়নি।
চাঁপাইনবাবগঞ্জে ‘বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ, সবার আগে বাংলাদেশ’ এই আন্দোলনের অংশ হিসেবে আয়োজিত গণসমাবেশে যোগ দেন বিএনপির মহাসচিব। পরে বিকালে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে গণসমাবেশ অংশ নেন তিনি।










