পূর্বদেশ ডেস্ক
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ সদর উপজেলায় বিএনপি দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ এক তরুণের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো দুইজনে। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম।
তিনি বলেন, সোমবার উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামে সংঘর্ষে ওই তরুণ গুলিবিদ্ধ হন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে আটক করা হয়েছে। তবে এখনো কোনো মামলা হয়নি। নিহত রায়হান খান (২২) চরডুমুরিয়া খানবাড়ির রুস্তম খানের ছেলে। খবর বিডিনিউজের।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তার নিয়ে জেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য আতিক মল্লিক ও মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ওহিদ মোল্লার অনুসারী শাহ কামালের অনুসারীদের সঙ্গে একই ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ হোসেনের অনুসারী আরিফ মীরের দলের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
সোমবার ওসি সাইফুল আলম বলেন, সকালে আরিফ ও তার চাচাত ভাই ইমরান ঘুম থেকে উঠে বাড়ির সামনের রাস্তায় যান। এ সময় শাহ কামালের নেতৃত্বে একদল লোক তাদের ওপর অতর্কিত হামলা ও গুলি চালায়। এতে আরিফ, ইমরান ও রায়হানসহ কয়েকজন গুলিবিদ্ধ হন।
তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং হাতবোমা হামলা বিস্ফোরণে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এর আগে ২ নভেম্বর মোল্লাকান্দির মুন্সীকান্দিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে তুহিন দেওয়ান নিহত হন বলে জানায় পুলিশ।











