বিউটি পার্লারে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

1

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার শহরে বিউটি পার্লার থেকে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে শহরের বৌদ্ধ মন্দির সড়কের ঝিমি’স মেকওভার এন্ড বিউটি সেলুন থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াছ খান।
নিহত তরুণীর নাম নাদিয়া ইসলাম ঝিমি, তিনি কক্সবাজার শহরের বাহারছড়া এলাকার জাফর আলমের মেয়ে। নাদিয়া শহরের বার্মিজ মার্কেট এলাকায় ঝিমি মেকওভারসহ দুই বিউটি পার্লারের মালিক ছিলেন।
একাধিক সূত্র জানিয়েছে, নাদিয়ার স্বামী মোহাম্মদ ইয়াসিনের বাড়ি শহরের টেকপাড়া এলাকার কামাল ম্যানশনে। প্রায় বছরখানেক আগে স্বামীর গোপনে দ্বিতীয় বিয়ের খবর জানতে পারেন নাদিয়া। পরে অভিমান করে বাবার বাড়ি চলে আসেন তিনি।
নাদিয়ার বাবা জাফর আলম বলেন, রবিবার (৩০ নভেম্বর) বিকাল ৩টার দিকে নাদিয়া পার্লারে কাজের কথা বলে বাড়ি থেকে বের হন। প্রতিদিন রাতে কাজ শেষ করে বাসায় ফিরলেও রবিবার ফেরেনি। মাঝে মাঝে কাজের চাপ থাকলে রাতে বাসায় ফিরত না। রবিবার রাত ১১টার দিকেও বাসার লোকজনের সঙ্গে মোবাইল ফোনে কথা হয়েছিল, ওইসময় কাজ থাকায় পার্লারে অবস্থান করছিল বলেও জানায় নাদিয়া। তিনি আরও জানান, সোমবার সকালেও নাদিয়া বাসায় না ফেরায় বাবা-মাসহ পরিবারের সদস্যরা একাধিক মোবাইল ফোনে কল দিয়ে কথা বলার চেষ্টা করে। কিন্তু কোনো সাড়া না পাওয়ায় খোঁজ নিতে মেয়ের ব্যবসা প্রতিষ্ঠানে যান। এ সময় ভেতর থেকে দরজা বন্ধ থাকায় ডাকাডাকি করেন। তাতেও কোনো সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে উঁকি দিয়ে নাদিয়াকে সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে ঘটনাটি পুলিশকে অবহিত করা হয়।
ওসি ইলিয়াছ খান জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পার্লারের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে, ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বিকালে মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।