বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ অনুষ্ঠিত

2

লাভজনক চট্টগ্রাম বন্দরের লালদিয়ার চরে ডেনমার্কের কোম্পানিকে টার্মিনাল নির্মাণের জন্য এবং পানগাঁও টার্মিনাল সুইজারল্যান্ডের কোম্পানির কাছে ইজারা দেওয়ার অযৌক্তিক ও জাতীয় স্বার্থবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে ১৬ নভেম্বর নগরীর সিনেমা প্যালেস চত্বরে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ অনুষ্ঠিত হয়। বাম গণতান্ত্রিক জোট ও বাসদ (মার্কসবাদী) চট্টগ্রাম জেলা সমন্বয়ক এড. শফি উদ্দিন কবির আবিদের সভাপতিত্ব অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি জেলা ভারপ্রাপ্ত সম্পাদক নুরুচ্ছফা ভুঁইয়া, বাসদ জেলা ইনচার্জ আল কাদেরি জয়, বাসদ জেলা সদস্য জসিম উদ্দিন।
নেতৃবৃন্দ বলেন, প্রধান উপদেষ্টা তার সর্বশেষ ভাষণে বলেছিলেন, সরকারের প্রধান কাজ হচ্ছে জুলাই হত্যাকান্ডের বিচার, সংস্কার ও যথাসময়ে নির্বাচন আয়োজন। অথচ আমরা দেখছি, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টার বর্ণিত এ তিনটি প্রধান কাজের বাইরে এক্তিয়ার বহির্ভূতভাবে চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে লিজ দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে। সন্দেহজনক তাড়াহুড়া, অনিয়ম এবং গোপনীয়তার মাধ্যমে লালদিয়া কনটেইনার টার্মিনাল ডেনমার্কের কোম্পানি এপিএমের কাছে ৪৮ বছরের জন্য ইজারা দেয়া হচ্ছে। আমরা জানতে পেরেছি যে, সাপ্তাহিক ছুটির দিনে প্রথা ভেঙে আয়োজিত একনেকের সভায় একইসাথে লালদিয়া কনটেইনার টার্মিনাল এবং পানগাঁও কনটেইনার টার্মিনাল নিয়ে চুক্তি অনুমোদন দেওয়া হয়েছে। ছুটির দিনে এভাবে অনুমোদন, বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। এ চুক্তি অনুমোদনের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অবলম্বন করা হয়নি এবং অস্বচ্ছভাবে সম্পন্ন করা হয়েছে। এর সাথে বন্দর ব্যবহারকারীদেরকে কোনভাবেই যুক্ত করা হয়নি। সরকারের এত তাড়াহুড়ো, গোপনীয়তা জনগণের মনে ব্যাপক প্রশ্নের জন্ম দিয়েছে। বিজ্ঞপ্তি