রাঙ্গুনিয়া প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং রাঙ্গুনিয়া থেকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, রাঙ্গুনিয়ার মানুষ আমাকে বেছে নেবে, সেই ভরসায় জাতীয়তাবাদী দল আমাকে মনোনয়ন দিয়েছে। তারেক রহমান সাহেব সিদ্ধান্ত নিয়েছেন, সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান রাঙ্গুনিয়া থেকে নির্বাচন করবে। কারণ উনার বিশ্বাস, রাঙ্গুনিয়ার মানুষ অলরেডি ধানের শীষের পক্ষে ভোট দিয়ে ফেলেছে। তাই সকলের দায়িত্ব, তারেক রহমান সাহেবের এই বিশ্বাস যেনো কোনোভাবে না ভাঙে।
গতকাল শনিবার বিকালে রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানার বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মুহাম্মদ শওকত আলী নূর। উদ্বোধক ছিলেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা জাফরুল ইসলাম।
হুম্মাম কাদের বলেন, যারা নেতৃত্ব দিতে চেয়েছে কিংবা দিচ্ছে সকলের চাওয়া ধানের শীষের বিজয়। তারা সকলে বলেছে, নেতৃত্ব যেই দিক না কেনো, সকলে ধানের শীষের পক্ষে কাজ করবেন। আমরা সকলে মিলে ধানের শীষের জন্য কাজ করবো।
তিনি বলেন, আমার বাবা আমাকে শিখিয়েছেন, রাজনীতি করতে হলে শরীরের চাইতে ‘কইলজাটা’ বড় হতে হয়। যারা আমাদের থেকে দূরে সরে গেছে, ভিন্ন দল করতো, তাদেরকেও সুযোগ করে দিতে হবে। আগে হয়তো ভুল হয়েছে, এখন সঠিক রাস্তায় ফিরে আসার সুযোগ করে দিচ্ছি। রাঙ্গুনিয়ার সুন্দর ভবিষ্যত রচনায়, সকলকে একসাথে কাজ করতে হবে।
তিনি বলেন, রাঙ্গুনিয়ার মাটিতে গ্রুপিং, ভিন্ন দলের অপরাজনীতি কিংবা আওয়ামী লীগের সন্ত্রাসীদের কোনো সুযোগ দেওয়া যাবে না। আমাদের উপর যে অত্যাচার তারা চালিয়েছে, আমরা যেনো সেই অত্যাচার কারও উপর না করি। রাঙ্গুনিয়ার জন্য নতুন স্লোগান হতে হবে, ‘ভালবাসার রাঙ্গুনিয়া।’ বাবা মারা যাওয়ার সময় আমাকে মানুষের ভালবাসা আর দোয়া দিয়ে গেছেন।
সভায় মাদ্রাসার দাতা সদস্য এবং আগত অতিথিদের সম্মাননা স্মারক দিয়ে সংবর্ধিত করা হয়। এসময় বিশেষ টুপি পড়িয়ে হুম্মাম কাদের চৌধুরীকেও সম্মান জানানো হয়। বিজ্ঞপ্তি











