বাবার শেষ ইচ্ছা ছিল রাঙ্গুনিয়ায় তার দাফন

3

রাঙ্গুনিয়া প্রতিনিধি

‘মুসল্লীরা যখন এক জায়গায় জড়ো হন, তাদের থেকে দোয়া নেওয়াটা আমাদের মতো রাজনীতিবিদদের একটা ফরজ কাজ। এতগুলি মুসল্লী যখন একসাথে হয়েছে, এই সুযোগে আমি দোয়া চাইবোনা তা হয় না। সে কারণেই আপনাদের সামনে এসেছি দোয়া চাওয়ার জন্য।’ গতকাল শনিবার দুপুরে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা ইউনুছিয়া আজিজুল উলূম মাদ্রাসার বার্ষিক সভায় বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী এসব কথা বলেন।
হুমাম কাদের চৌধুরী বলেন, ‘আপনারা যাকে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন তিনি চেয়েছিলেন, উনার মরাদেহ যেন রাঙ্গুনিয়ায় নিয়ে আসা হয় এবং রাঙ্গুনিয়ায় যেন তাকে দাফন করা হয়। আপনারা জানেন ১০ বছর আগে এই ফ্যাসিস্ট সরকার আমার বাবার শেষ ইচ্ছা পূরণ করতে দেয়নি।’
তিনি বলেন, ‘রাঙ্গুনিয়ার যেই জনগণ সালাউদ্দিন কাদের চৌধুরীকে সাংসদ পাঠিয়েছেন, ভালবেসেছেন, বিপদের সময় তার জন্য দোয়া করেছেন। আমি চাচ্ছি তাদের সাথে আমার পরিবারের পরিচয় হয়ে যাক। আমার মা, ভাই-বোন এখনো ভেতরে ভেতরে কাঁদে। কারণ তাদের মনের মধ্যে এখনো একটা আশংকা রয়ে গেছে যে, আব্বাকে কি সবাই ভুলে গেছেন? আমি রাজনীতি করি বলে আমি এসে আপনাদের সাথে দেখা করতে পারি, আপনাদের থেকে শুনতে পারি যে, আপনাদের মনের মধ্যে এখনো সালাউদ্দিন কাদের চৌধুরী জীবিত আছেন। আমি প্রথমবারের মতো আমার পরিবারকে দেখাতে চাই যে, আসলে আমার মরহুম বাবাকে রাঙ্গুনিয়াবাসী কতটা ভালবেসেছিলেন এবং এখনো ভালবাসেন।’
মাওলানা নেজাম উদ্দিনের সভাপতিত্বে ও কারী এনামুল হকের সঞ্চালনয় সভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জামিয়া ইসলামিয়া পটিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা আবু তাহের নদভী, বিশেষ ওয়াজিয়ান ছিলেন মাওলানা আরশাদ রহমানি, মুফতি গাজী ছানাউল্লাহ রহমানি, মাওলানা নজীর আহমেদ টঙ্গী, মাওলানা ফরিদ উদ্দিন আল মোবারক, মাওলানা সিবগতুল্লাহ নূরী, মাওলানা কাজী আকতার হোসাইন, মাদ্রাসার সহকারী পরিচালক মুফতি নুরুল কবির কাসেমী, মাওলানা জমির উদ্দিন, হাফেজ মাহাবুর রহমান, মাওলানা জসিম উদ্দিন প্রমুখ।