‘অবসরে পড়ি বই, আলোকিত মানুষ হই’ স্লোগানে বান্দরবান জেলা প্রশাসনের সহযোগিতায় কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অভিভাবক শেডে উদ্বোধন করা হলো স্বপ্নযাত্রী ফাউন্ডেশন পরিচালিত ১৭তম ‘স্বপ্নযাত্রী অবসর পাঠাগার’। অপেক্ষারত অভিভাবকদের অবসর সময়কে অর্থবহ করে তোলার পাশাপাশি পাঠাভ্যাস গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
গত মঙ্গলবার সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে পাঠাগার অপারেশন টিমের প্রধান সমন্বয়ক সাফায়েত রায়হান শিহাবের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি। বিশেষ অতিথি ছিলেন সরকারি হাজী আব্দুল বাতেন কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু তালেব, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক সেলিম উদ্দিন, সংগঠনের প্রতিষ্ঠাতা কামাল হোসেন, সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ, সদস্য সাফায়েত রায়হান শিহাব, আবু ফয়েজ, ছমিরা আক্তার শিরিন, ইরফান আজাদ, হাসিবুল হাছানসহ অন্যান্যরা।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে পাঠাগারটি অভিভাবকদের জ্ঞানচর্চার নতুন দুয়ার খুলে দেবে বলে আশা প্রকাশ করেন সরকারি হাজী আব্দুল বাতেন কলেজের সহকারী অধ্যাপক ও সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ ইলিয়াছ। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে পাঠাগারটি উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। উদ্বোধক বলেন, বর্তমানে আমাদের তরুণ সমাজ দিন দিন বইবিমুখ হয়ে উঠছে। এমন সময়ে স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের এই ব্যতিক্রমী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। অভিভাবকদের অপেক্ষার সময়কে অর্থবহ করে তুলতে পাঠাগারের এই আয়োজন শুধু তাদেরই নয়, তাদের সন্তানদের প্রতিও ইতিবাচক প্রভাব ফেলবে। কারণ অভিভাবকরা বইয়ের প্রতি যত বেশি আগ্রহী হবেন, তরুণরাও তত বেশি বইমুখী হবে। তাঁর মূল্যবান বক্তব্যে পাঠাভ্যাস, গবেষণা ও মুক্ত চিন্তার প্রসারে এমন উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। সেসাথে বান্দরবানের প্রতিটি উপজেলায় ১টি করে লাইব্রেরী করার উদ্যোগে স্বপ্নযাত্রীকে পাশে থাকার আহবান করেন।
অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতার জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু তালেবকে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে পাঠাগারটি অভিভাবকদের জ্ঞানচর্চা, পাঠাভ্যাস এবং সময় ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখবে-এ প্রত্যাশা ব্যক্ত করে আয়োজকরা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। বিজ্ঞপ্তি











