বান্দরবান প্রতিনিধি
বান্দরবান পৌরসভার উদ্যোগে প্রথমবারের মতো বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীদের মাঝে উচ্চ শিক্ষাবৃত্তি ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার সকালে পৌরসভার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ উচ্চ শিক্ষাবৃত্তি এবং সংবর্ধনা প্রদান করেন বান্দরবান পৌরসভার প্রশাসক এস. এম. মনজুরুল হক। এসময় পৌর প্রশাসক বলেন, শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথকে আরও মসৃণ করতে এবং আর্থিক প্রতিবন্ধকতা দূর করতে এ শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে। গুরুত্বপূর্ণ বিষয় হল- শিক্ষার্থীরা তাদের উচ্চ শিক্ষা সম্পন্ন না করা পর্যন্ত এ বৃত্তি চলমান থাকবে। তিনি আরো বলেন, পাহাড়ি জেলা বান্দরবানের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে মেধার স্বাক্ষর রেখে আসছেন। তাদের উৎসাহিত করতে ও উচ্চশিক্ষার মানোন্নয়নে পৌরসভার এ উদ্যোগ একটি অনুপ্রেরণাদায়ী পদক্ষেপ। আমরা আশা করি, তারা ভবিষ্যতে নিজেদের যোগ্যতা দিয়ে বান্দরবানের নাম আরও উজ্জ্বল করবে। শিক্ষায় বিনিয়োগই সবচেয়ে বড় বিনিয়োগ, আর সেই ধারাবাহিকতা ধরে রাখার জন্য প্রশাসনের পাশাপাশি সমাজের সকলকে এগিয়ে আসার আহবান জানান পৌর প্রশাসক।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে পৌরসভার প্রদান নির্বাহী কর্মকর্তা মো. ফয়েজুর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু ছালেহ মুহাম্মদ ফরিদ উদ্দিনসহ পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বান্দরবান পৌর এলাকায় বসাবাসকারী দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ২৫জন শিক্ষার্থীদের মাঝে প্রতিমাসে ২ হাজার টাকা করে উচ্চ শিক্ষাবৃত্তির দুই মাসের টাকা তুলে দেন। এ বৃত্তি শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা শেষ না হওয়া পর্যন্ত চলমান থাকবে বলে জানান পৌর কর্তৃপক্ষ।










