বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের বম সম্প্রদায়ের প্রত্যাবর্তনকারী পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করলো সেনাবাহিনী। বুধবার সকালে বান্দরবান সদর জোন মাঠে বম সম্প্রদায়ের প্রত্যাবর্তনকারি ২৬জন সদস্যদের মাঝে রসদ প্রদান করা হয়। এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সেনা সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সদর জোনের জোনাল স্টাফ অফিসার মেজর এ এস এম মাইদুল ইসলাম সহ সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তা ও বম সম্প্রদায়ের পরিবারের সদস্যরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ, বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমি নিলাম, আপনাদের পরিচিত যে সকল বম পরিবার নিজ এলাকায় ফেরত আসতে চায়, স্বাভাবিক ভাবে জীবনযাপন করতে চায় তাদেরকে পুনর্বাসন করার দায়িত্ব সেনাবাহিনীর। যে সকল বম পরিবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায় তারা নিকটস্ত সেনা ক্যাম্পে যোগাযোগ করে অথবা কারো মাধ্যমে সরাসরি আমার সাথেও যোগাযোগ করবেন, মনে কোন দ্বিধাদ্ব›দ্ব রাখবেন না। বম সম্প্রদায়ের জনগণ যাতে তাদের বসতভিটায় শাস্তিতে থাকতে পারে সেজন্য সেনাবাহিনী তাদের পাশে রয়েছে। আর আমাদের এ মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসময় বম সম্প্রদায়ের প্রত্যাবর্তনকারী ২৬ জন সদস্যদের মাঝে প্রতিজনকে চাউল ৫০ কেজি, ডাল ৫ কেজি, লবণ ৫ কেজি, তেল ৫ কেজি, আলু ৫ কেজি, পেঁয়াজ ৫ কেজি প্রদান করা হয়।










