বান্দরবান প্রতিনিধি
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)-এর উদ্যোগে বান্দরবানে শুরু হয়েছে তিন দিনব্যাপী ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। মঙ্গলবার সকালে বান্দরবান প্রেসক্লাব হলরুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ। এসময় বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সম্পাদক এনএ জাকিরসহ পিআইবি’র প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে ডিজিটাল প্রযুক্তির দ্রæত অগ্রগতির কারণে গণমাধ্যমে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। অনলাইন নিউজ পোর্টাল, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং মাল্টিমিডিয়া জার্নালিজমের চাহিদা এখন সময়ের দাবি। সেক্ষেত্রে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে পিআইবি নিয়মিত ভাবে সারা দেশে এই ধরনের প্রশিক্ষণের আয়োজন করছে। তিন দিনব্যাপী এ কর্মশালায় স্থানীয় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রায় অর্ধশত সাংবাদিক অংশ নেয়। প্রশিক্ষণে মোবাইল জার্নালিজম, ডিজিটাল কনটেন্ট প্রডাকশন, ফ্যাক্ট-চেকিং, সোশ্যাল মিডিয়া জার্নালিজম, নিউজ রাইটিং ও ভিজ্যুয়াল স্টোরিটেলিংসহ সমসাময়িক নানা বিষয় অন্তর্ভুক্ত করা হয়। প্রশিক্ষণ পরিচালনা করছেন পিআইবি’র অভিজ্ঞ ট্রেইনারগণ। তারা হাতে-কলমে ব্যবহারিক ক্লাসের মাধ্যমে অংশগ্রহণকারীদের দক্ষতা বাড়াতে সহায়তা করছেন। আয়োজকরা জানান, প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদ প্রদান করা হবে এবং ভবিষ্যতে আরও উন্নতমানের মিডিয়া ট্রেনিং বান্দরবানে আয়োজনের পরিকল্পনা রয়েছে।










