বান্দরবান প্রতিনিধি
বান্দরবান মাইক্রোবাস, জিপ ও পিকআপ মালিক-চালক সমবায় সমিতির সাথে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বান্দরবান হোটেল হিলটনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ট্যুরিস্ট পুলিশ, বান্দরবান রিজিয়নের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন মালিক সমিতির সভাপতি নাছিরুল আলম। সভায় বিশেষ অতিথি ছিলেন ট্যুরিস্ট পুলিশ কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও পর্যটন মোটেলের ব্যবস্থাপক, মোহাম্মদ শোয়েব, ট্যুরিস্ট পুলিশ, থানচি জোনের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ মাহবুবুর রহমান, সমিতির সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন চৌধুরী, চালক সমিতির সভাপতি জহির উদ্দিন মাসুম ও সমিতির সদস্যবৃন্দ এবং ট্যুরিস্ট পুলিশ, বান্দরবান রিজিয়নের সদস্যগণ।
এদিকে মাইক্রোবাস,জিপ ও পিক-আপ মালিক সমিতি সাধারণ সম্পাদক বলেন, মধ্যস্বত্ব ভোগীদের কারণে গাড়ির ভাড়া বেশি হয়ে যাচ্ছে। পর্যটকরা অনেক সময় হোটেল বা রিসোর্ট এর মাধ্যমে জিপ গাড়ি ভাড়া নেন। তারা কাউন্টারে আসেন না, ফলে ভাড়া বেশি দিতে হয়। আবার ট্যুরিস্টরা অনেক সময় খারাপ আচরণ করেন। যত্রতত্র ময়লা ফেলেন। তিনি বিভিন্ন স্পটে ময়লা ফেলার ডাস্টবিন স্থাপনের জন্য অনুরোধ করেন।
অপরদিকে ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী বলেন,পর্যটন শহর হিসেবে বান্দরবানের ভাবমূর্তি উজ্জ্বলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পর্যটকদের সব সময় প্রাধান্য দেওয়ার জন্য, তাদের পাশে থাকার জন্য আহবান জানান। মেঘলা, নীলাচলসহ পর্যটন স্পটগুলোতে যত্রতত্র গবাদি পশু বিচরণ এবং ময়লা ফেলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে। বিষয়টি নিয়ে জেলা প্রশাসন ও পৌরসভার সাথে আলোচনা করে সমধানের আশ্বাস দেন।










