পূর্বদেশ ডেস্ক
বাঁশখালীতে ‘নিখোঁজ’ ষাটোর্ধ এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে তার বাড়ি সংলগ্ন বাগানের মাটির নিচ থেকে। গতকাল রবিবার সকালে উপজেলার কালীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব টেমাপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম আশরাফ মিয়া (৬৫)।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির শরীরে ও মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। লাশ উদ্ধারের পর সেটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো গয়েছে।
স্থানীয়রা জানান, আশরাফ মিয়া কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন। সকালে তার ছেলে বাড়ির পাশে বাগানে পানি দিতে গেলে সেখানে নতুন মাটি দেখতে পান। সেই মাটি খুঁড়লে আশরাফ মিয়ার লাশ পাওয়া যায়। খবর বিডিনিউজের
এ বিষয়ে ওসি সাইফুল ইসলাম বলেন, নিখোঁজ হওয়ার বিষয়টি নিয়ে পরিবারের সদস্যরা থানায় জানায়নি। তিন দিন ধরে নিখোঁজ থাকলে থানায় সাধারণ ডায়েরি হওয়ার কথা, কিন্তু পরিবার থেকে নিখোঁজের কোনো তথ্য তারা পুলিশকে আগে জানায়নি। ঘরের পাশে বাগানের মাটি খুঁড়ে লাশ পাওয়ার কথা তারা বললেও বিষয়টির অন্য কিছু থাকতে পারে। আমরা সবদিক খতিয়ে দেখছি। আসলে কী হয়েছিল।










