বাংলাদেশ দলকে ইউনূসের অভিনন্দন

4

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে ১-০ গোলের দারুণ জয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, “এই জয় প্রতিটি বাংলাদেশিকে গর্বিত করেছে। এটি কেবল একটি ফুটবল ম্যাচের জয় নয়; এটি লাখ লাখ তরুণ-তরুণী যারা খেলাধুলাকে ইতিবাচক শক্তির উৎস হিসেবে দেখে, তাদের জন্য অনুপ্রেরণা।”
গতকাল বুধবার প্রধান উপদেষ্টার সদর দপ্তর থেকে এক বার্তায় এ কথা বলা হয়েছে। খবর বিডিনিউজ’র
গত মঙ্গলবার ঢাকার স্টেডিয়ামে অর্জিত এই জয়টি ২২ বছর পর ভারতের বিপক্ষে প্রতিযোগিতামূলক ম্যাচে বাংলাদেশের প্রথম জয়। এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ফিরতি লেগে এই জয় পায় বাংলাদেশ। দ্বাদশ মিনিটে ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া গোলটি করেন শেখ মোরসালিন। ২০০৩ সালের পর এই প্রথম বাংলাদেশের কাছে হারল ভারত।অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, “জাতি গঠনে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভারতের মত শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এমন একটি জয় এক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ অগ্রগতি।” এই জয় বাংলাদেশের ফুটবলের গৌরবময় দিনগুলো ফিরে পেতে সহায়তা করবে বলে আশা করেন প্রধান উপদেষ্টা।
তিনি আরও বলেন, ২০২৪ সালে দায়িত্ব গ্রহণের পর থেকে অন্তর্র্বতীকালীন সরকার ফুটবলকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে আসছে এবং আশা প্রকাশ করেন আগামী দিনের সরকারগুলো এই ধারা অব্যাহত রাখবে।