বাংলাদেশ ও কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে জনবল নিয়োগের চুক্তি

5

পূর্বদেশ ডেস্ক

কাতারের সশস্ত্র বাহিনীতে প্রেষণে কাজ করার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা। গতকাল রবিবার কাতারের দোহায় এ বিষয়ে চুক্তি হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
চুক্তিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান এবং কাতার সশস্ত্র বাহিনীর চীফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল (পাইলট) জাসিম বিন মোহাম্মদ আল মান্নাই সই করেন। চুক্তি সইয়ের অনুষ্ঠানে কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খানসহ প্রতিনিধি দলের সদস্য ও দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খবর বিডিনিউজের
এই চুক্তিকে ‘বহুল প্রতীক্ষিত’ অভিহিত করে আইএসপিআর বলেছে, এর ফলে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা কাতার সশস্ত্র বাহিনীতে প্রেষণে নিয়োজিত হওয়ার সুযোগ পাবেন। এ চুক্তির অধীনে প্রাথমিকভাবে প্রায় ৮০০ জনকে কাতারে পাঠানো হবে এবং ভবিষ্যতে এ সংখ্যা বাড়ানোর সম্ভাবনা রয়েছে।
প্রাথমিকভাবে তিন বছরের জন্য নিয়োগ পেলেও তাদের কর্মদক্ষতা সন্তোষজনক হলে নিয়োগের মেয়াদ ৬ বছর পর্যন্ত বাড়তে পারে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
আইএসপিআর বলছে, ‘এ চুক্তির ফলে কাতার সশস্ত্র বাহিনীতে দক্ষ জনবল পাঠানোর দ্বার উন্মোচিত হলো এবং দুই দেশের মধ্যকার বিদ্যমান সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।
বাংলাদেশের সদস্যরা আর্থিকভাবে উপকৃত হবেন এবং বাংলাদেশ সরকার উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনে সমর্থ হবে’।
গত ২১ থেকে ২৫ এপ্রিল প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ‘আর্থনা’ সম্মেলন উপলক্ষে কাতার সফর করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রধান উপদেষ্টার সেই সফর ও ফলপ্রসূ কূটনীতির ফলে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে এ চুক্তি স্বাক্ষর ত্বরান্বিত হয়েছে’।