বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট ম্যাচ শুরু আজ

1

স্পোর্টস ডেস্ক

বিরতির পর আবারও টেস্টের মঞ্চে ফিরছে বাংলাদেশ, প্রতিপক্ষ আয়ারল্যান্ড। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে এই একমাত্র টেস্ট যেখানে দুই দলই প্রায় অর্ধবছর পর খেলতে নামছে লাল বলের ক্রিকেট।
গত জুনে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলার পর থেকে সাদা পোশাকে বাংলাদেশের কোনো ম্যাচ হয়নি। মাঝের সময়টা কেটেছে সীমিত ওভারের অনিয়মিত পারফরম্যান্সে যা টেস্টে তেমন প্রভাব না ফেললেও আত্মবিশ্বাসে ঘাটতি এনেছে। এই ম্যাচে তাই লক্ষ্য একটাই- ধারাবাহিকতা ফেরানো ও ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে ওঠা।
অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সামনে দায়িত্ব দুটো। দলে স্থিতি ফিরিয়ে আনা এবং নিজের নেতৃত্বে টেস্ট সংস্কৃতিকে নতুন পথে নেওয়া। ওপেনিংয়ে ফিরে আসছেন মাহমুদুল হাসান জয়, তার সঙ্গী হতে পারেন শাদমান ইসলাম, যিনি চলতি বছরে ৪০-এর ওপর গড় নিয়ে খেলছেন। মাঝের সারিতে অভিজ্ঞ মুমিনুল হক, মুশফিকুর রহিম ও লিটন দাস থাকছেন ভরসার নাম। সিলেটের উইকেট ঐতিহ্যগতভাবে স্পিন সহায়ক। তাই মূল ভরসা থাকবে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের ওপর। পাশাপাশি কিছুটা বাউন্স থাকায় এবাদত হোসেন ও হাসান মাহমুদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। নতুন মুখ হিসেবে অভিষেক হতে পারে তরুণ বাহাতি স্পিনার হাসান মুরাদের।
এদিকে, আয়ারল্যান্ডও ২০২৫ সালে মাত্র একটি টেস্ট খেলেছে। এবার তাদের দলটি অভিজ্ঞতার ঘাটতিতে ভুগলেও চমক দেখানোর সামর্থ্য রাখে। অধিনায়ক অ্যান্ডি বালবার্নি এবং অভিজ্ঞ পল স্টার্লিং ও হ্যারি টেক্টর দলের ব্যাটিংয়ের মূল স্তম্ভ। পাশাপাশি কার্টিস ক্যাম্ফার,লরকান টাকার ও অ্যান্ডি ম্যাকব্রিন দলকে ভারসাম্য দিচ্ছেন। চারজন ক্রিকেটার কেড কারমাইকেল, স্টিফেন ডোহেনি, জর্ডান নীল ও লিয়াম ম্যাককার্থি প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন। লেগস্পিনার গ্যাভিন হোয়িও থাকতে পারেন অভিষেকের অপেক্ষায়।
সিলেটের উইকেটে প্রথম ইনিংসে ব্যাটিং সবসময়ই সুবিধাজনক। এ মাঠে প্রথমে ব্যাট করা দলগুলোর গড় ইনিংস ২৬৬ রান, যা সাধারণত ম্যাচের ফল নির্ধারণ করে। আজ রোদ ঝলমলে আবহাওয়া ও বিকেলের দিকে তুলনামূলক ঠান্ডা তাপমাত্রা থাকবে বলে পূর্বাভাস। গত জুনের পর থেকে বাংলাদেশ খেলেছে ২৮টি ওয়ানডে ও টি-টোয়েন্টি। আয়ারল্যান্ড খেলেছে ৯টি সাদা বলের ম্যাচ, তাদেরও টেস্ট অনভিজ্ঞতা স্পষ্ট। তবে বাংলাদেশের লক্ষ্য থাকবে একটাই। প্রতিপক্ষ কে না ভেবে জয় তুলে নেওয়া।