বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু ড. জ্ঞানশ্রী মহাথের আর নেই

0

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু, একুশে পদকপ্রাপ্ত ও চট্টগ্রাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাথের আর নেই। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় নগরীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ১০১ বছর।
ড. জ্ঞানশ্রী মহথের ১৯২৫ সালের ১৮ নভেম্বর রাউজানের উত্তর গুজরা (ডোমখালী) গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন এক যুগান্তকারী বৌদ্ধ মনীষা, সমাজ সংস্কারক ও বহু জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তিনি ১৯৪৪ সালে হাটহাজারীর জোবরা গ্রামে শ্রামণ্য ধর্মে দীক্ষা গ্রহণ করেন এবং পরে বাংলাদেশের বৌদ্ধ সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাঁর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মুবাইছড়ি জ্ঞানোদয় পালি টোল, ধর্মোদয় পালি টোল, মনোঘর অনাথ আশ্রম, কদলপুর অনাথ আশ্রম, সংঘরাজ ভিক্ষু মহামন্ডল ধর্মীয় শিক্ষা পরিষদ এবং বাংলাদেশ বুদ্ধ শাসন কল্যাণ ট্রাস্ট সহ অসংখ্য স্কুল, বিহার ও অনাথাশ্রম।
দেশ-বিদেশে তিনি অসংখ্য সম্মাননা ও উপাধি লাভ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য থাইল্যান্ড থেকে শাসনশোভন জ্ঞানভানক উপাধি, বার্মা সরকারের মহাসম্মজ্যোতিকাধ্বজ উপাধি, বাংলাদেশ সরকারের একুশে পদক এবং ২০২০ সালে সংঘরাজ ভিক্ষু সহাসভার সর্বোচ্চ সম্মাননা ‘সংঘরাজ’। তাঁর মৃত্যুতে বৌদ্ধ সমাজে শোকের ছায়া নেমে এসেছে।
বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় জানান, রাউজান থানার বিনাজুরী শ্মশান বিহারে ড. জ্ঞানশ্রী মহাথের’র মরদেহ বিশেষ প্রক্রিয়ায় রেখে দেওয়া হবে। পরবর্তী সময় নির্ধারণ করে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। যেখানে বিভিন্ন দেশ থেকে বৌদ্ধ প্রতিনিধিরাও অংশগ্রহণ করবেন।