বরকলে কালভার্টে গর্ত ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

1

চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশ উপজেলার বরকল সুচিয়া এলাকায় গ্রামীণ সড়কের ওপর নির্মিত ২টি কালভার্টে মাঝখানের ঢালাই উঠে গর্তের সৃষ্টি হয়েছে। এতে কালভার্টের ঐ স্থানে মরণফাঁদ তৈরি হয়েছে। ভোগান্তিতে পড়ছেন সড়কে চলাচলকারী যানবাহন, ঘটতে পারে বড় দুর্ঘটনাও।
গতকাল সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার সুচিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শহীদ মুরিদুল আলম সড়ক থেকে বরকল ইউনিয়ন পরিষদ পর্যন্ত ২ কিলোমিটার সড়কে ২টি কালভার্টের মাঝখানের ঢালাই উঠে গর্তের সৃষ্টি হয়েছে। গর্তের ঐ স্থানে পাকা ঢালাই না থাকায় কালভার্টের রডগুলো দেখা যাচ্ছে। ২টি কালভার্টের বিশাল গর্তের কারণে ঝুঁকি ত্বরান্বিত হচ্ছে। প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে বিভিন্ন যানবাহন।
স্থানীয়রা জানান, প্রায় তিন মাস ধরে কালভার্ট ২ টির মধ্যখানে এভাবে গর্তের সৃষ্টি হলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এ সড়ক দিয়ে প্রতিদিন ছোট-বড় বিভিন্ন যানবাহন চলাচল করে থাকে। যেকোনো মুহূর্তে কালভার্ট ২ টির গর্তের স্থানে যানবাহনের চাকা আটকে পড়ে বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। তাছাড়া এ সড়ক দিয়ে সুচিয়া উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, বরমা কলেজ, গাছবাড়িয়া সরকারি কলেজসহ চন্দনাইশ সদরের বিভিন্ন দপ্তরে যাতায়াত করা সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা রয়েছেন মারাত্মক দুর্ঘটনার ঝুঁকিতে।
স্থানীয় বাসিন্দা সায়েদ ইবনে খায়ের (৫০) বলেন, কালভার্ট ২ টিতে গর্ত সৃষ্টি হওয়ার কারণে এই সড়কে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বেশকিছু যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। বড় যানবাহন চলাচলে কালভার্ট ২টি বেশি ঝুঁকিতে থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে ব্যবসায়ী ও কৃষকদের। বিপজ্জনক ২টি কালভার্টের ওপর দিয়ে প্রতিনিয়ত যানবাহনসহ সাধারণ মানুষ চলাচল করে থাকে। এ কারণে যেকোনো মুহূর্তে বড় রকমের দুর্ঘটনা হওয়ার আশঙ্কা রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিব হোসেন বলেন, কালভার্ট ২ টিতে গর্ত সৃষ্টি হওয়ার ব্যাপারে আমি জানতাম না। সরেজমিনে দেখে উপজেলা প্রকৌশল কার্যালয়ের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।