বঙ্গোপসাগরে শক্তি সঞ্চয় করছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ্’

1

নিজস্ব প্রতিবেদক

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন শ্রীলংকা উপক‚লে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ্’ আরও শক্তিশালী হয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। ঘূর্ণিঝড়টির প্রভাবে সাগর ক্রমশ উত্তাল হয়ে উঠছে। পরিস্থিতি বিবেচনায় দেশের চার সমুদ্রবন্দর, (চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা) কে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
গতকাল শুক্রবার বিকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর প্রকাশিত বিশেষ আবহাওয়ার বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘূর্ণিঝড়টি বর্তমানে শ্রীলংকার উপক‚ল এবং তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর অঞ্চলে অবস্থান করছে। দুপুর ১২ টায় ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ্’-এর অবস্থান ছিল চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৯৪০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৮৮৫ কিলোমিটার, মোংলা সমুদ্রবন্দর থেকে ১৮২০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৮২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর নিকটবর্তী এলাকায় সাগর অত্যন্ত উত্তাল অবস্থায় রয়েছে এবং যে কোনো সময় পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
বিশেষ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট প্রশাসনকে প্রস্তুতির মাত্রা বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।
একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যেতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। যারা ইতোমধ্যে সাগরে রয়েছে তাদের দ্রæত নিরাপদ আশ্রয়ে ফিরতে বলা হয়েছে।