ফটিকছড়িতে যুবকের লাশ উদ্ধার

1

ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়িতে নিজ বসতঘর থেকে মো. আজাদ (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে দাঁতমারা ইউনিয়নের ফারুকনগরে নিজঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আজাদ হরিশপুর ইউনিয়নের মৃত আকবর হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, আজাদ ফারুক নগরের বাসিন্দা সোহরাব ভ‚ঁইয়ার পালক কন্যা আইরিন সুলতানাকে বিয়ে করে ৫ বছর ধরে ওই এলাকায় বসবাস করছিলেন।
আজাদের শ্বশুর সোহরাব ভ‚ঁইয়া জানান, আজাদ জাহাজ শ্রমিক হিসাবে কাজ করতেন। ছুটি শেষে গত মঙ্গলবার কর্মস্থলে যাওয়ার পথে ছিনতাইকারীর কবলে পড়লে কর্মস্থলে না গিয়ে বাড়ি ফিরে আসেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। রাত ১২ টার দিকে আজাদ আলাদা রুমে গিয়ে ঘরের সিলিং-এর সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
আজাদের মা ফিরোজা বেগম বলেন,খবর পেয়ে ছুটে এসে দেখি ছেলের নিথর দেহ ঘরের মেঝেতে পড়ে আছে। এটা আত্মহত্যা না হত্যা, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটন করতে প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।
ভূজপুর থানার এসআই বজলুর রশিদ বলেন, খবর পেয়ে আমরা ঘরের মেঝেতে পড়ে থাকা আজাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি।
তিনি বলেন, এই ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে এবং প্রাথমিকভাবে মরদেহের গলায় রশির দাগ পাওয়া গেছে।