ফটিকছড়িতে প্রবাসী ব্যবসায়ী ইয়াকুব সৈনিককে সংবর্ধনা

1

সমাজসেবা ও মানবিক কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ফটিকছড়ি উপজেলার ফতেপুর ইউনিয়নে জাফতনগর হাফেজুল উলুম মাদ্রাসার পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছে প্রবাসী ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ ইয়াকুব সৈনিককে। বুধবার বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ এসোসিয়েশন, দুবাই এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম উন্নয়ন পরিষদ (ইউএই)-এর প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াকুব সৈনিককে দেওয়া এই সংবর্ধনা পরিণত হয় এক বিশাল মিলনমেলায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। এ সময় মাদ্রাসা পরিচালনা পরিষদের পরিচালক মুহতামিম হাফেজ মাওলানা নাছির উদ্দীন, সহকারী পরিচালক মুহতামিম হাফেজ মুজিবুর রহমান ও স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষাবিদ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
সংবর্ধনা গ্রহণ করে মোহাম্মদ ইয়াকুব সৈনিক তার বক্তব্যে এ সম্মান প্রাপ্তিতে মাদ্রাসার কর্তৃপক্ষ ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, প্রবাসে থাকলেও জন্মভ‚মির উন্নয়নে সবসময় তার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
সংবর্ধনার শুরুতে ফটিকছড়ির বিভিন্ন মাদ্রাসার আলেমদের একত্রিত হয়ে ‘খতমে বুখারি’ অনুষ্ঠান ও মাদ্রাসার শিক্ষার্থীরা কোরআন তেলাওয়াত, হামদ-নাত পরিবেশন করে। শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি