ফটিকছড়ি প্রতিনিধি
ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশের এক উপ পরিদর্শক (এএসআই) সহ দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন সাইফুল ইসলাম (৪০) ও মো. হাফিজ (৩০)। এদের মধ্যে সাইফুল ইসলাম মানিকছড়ি থানার উপ-পুলিশ পরিদর্শক। তিনি মুন্সিগঞ্জের গজারিয়া থানার মো. লিয়াকতের ছেলে আর মো. হাফিজ পথচারী বলে জানা গেছে। তিনি মানিকছড়ির ফকিরটিলা এলাকার মৃত মো. ইসমাইলের ছেলে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পাইন্দং ইউনিয়নের উত্তর পাইন্দং আমতল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তারা হলেন মানিকছড়ি থানার কনস্টেবল আব্দুল্লাহ্ আল নোমান (৩০) ও মোটরসাইকেল আরোহী মো. ইয়াছিন (২৮)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের ফটিকছড়ির আমতল এলাকায় দ্রæতগতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এএসআই সাইফুল ইসলাম ও হাফিজ মারা যান। স্থানীয়রা নিহতদের মরদেহ এবং আহতদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক আয়েশা তাসনিম দুজনকে মৃত ঘোষণা করেন। অপর গুরুতর আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনোজ চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে দু’জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। বাকি দু’জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
নাজিরহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সাহাব উদ্দিন জানান, দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। তৎমধ্যে একজন পুলিশের সদস্য রয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।










