ফটিকছড়িতে দুই ভাইকে হত্যায় ৩ আসামি গ্রেপ্তার

1

ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়িতে আলোচিত জোড়া খুন মামলার পলাতক ৩ আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত বুধবার রাতে হাটহাজারীর কামাল পাড়া এলাকা থেকে পলাতক আসামি ওসমান গনি মানিককে (৫৮) গ্রেপ্তারের পর তার স্বীকারোক্তির ভিত্তিতে উপজেলার কড়িয়ার দিঘি এলাকা থেকে আরও ২ পলাতক আসামি মো. হারুন (৪০) ও আনোয়ার পাশা বাবুলকে (৬২) গ্রেপ্তার করে র‌্যাব।
উল্লেখ্য, গত ৩ আগস্ট পারিবারিক কলহের জেরে ফটিকছড়ির জাফতনগর ইউনিয়নে আপন ২ ভাই আলমগীর ও জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তাদের ছোট ভাই মো. রাসেল বাদী হয়ে আরেক ভাই রেজাউল করিমের স্ত্রী নিগার সুলতানাকে প্রধান আসামি করে এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি দেখিয়ে ফটিকছড়ি থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই মামলার আসামিরা পলাতক ছিলেন।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর আহমদ জানান, পলাতক ৩ আসামিকে র‌্যাব-৭ আমাদের কাছে হস্তান্তর করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।