প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত

1

পূর্বদেশ ডেস্ক

তিন দফা দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পরীক্ষা বর্জনসহ লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচি চলবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ। পরিষদের পক্ষে গতকাল সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
এতো বলা হয়, প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহবানে গত ২৭ নভেম্বর থেকে শুরু হওয়া লাগাতার পূর্ণদিবস কর্মবিরতির আজ তৃতীয় দিনের মতো সারা দেশের সব বিদ্যালয়ে স্বতঃস্ফূর্ত পরীক্ষাবর্জন ও কর্মবিরতি পালন করার জন্য সব সহকর্মীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। খবর বাংলানিউজের।
আমাদের প্রিয় সহকর্মী শহীদ ফাতেমা আক্তারের আত্মত্যাগ ও দুই শতাধিক সহকর্মীর রক্ত বৃথা যেতে দেব না। অর্থ মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি অনুযায়ী আপাতত ১১তম গ্রেডসহ তিন দফা দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় আগামীকালও (আজ) যথারীতি পূর্বের ন্যায় পরীক্ষা বর্জনসহ লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচি চলবে।
প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ৩ দফা: সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে নির্ধারণ; ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির বিষয়ে জটিলতার অবসান; সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি।