পূর্বদেশ ডেস্ক
তিন দিন ধরে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি চালিয়ে আসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা একাদশ গ্রেডে বেতনের আশ্বাসে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।
গতকাল সোমবার সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অর্থ মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর এ ঘোষণা দেন ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ এর আহব্বায়ক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (শাহিন-লিপি) সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি। খবর বিডিনিউজের।
তিনি বলেন, আমাদের একাদশ গ্রেডে বেতন দেওয়া হবে বলে অর্থ মন্ত্রণালয় প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে। অর্থ মন্ত্রণালয় আমাদের আশ্বাস দিয়েছে, এমনটা কখনও দেননি।
আমরা আগামীকাল মঙ্গলবার (আজ) থেকে সব কর্মসূচি প্রত্যাহার করব। শহীদ মিনারে গিয়ে নেতারা আনুষ্ঠানিক ঘোষণা দেবেন এবং আমরা ক্লাসে ফিরে যাব।
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দশম গ্রেডে বেতন ছাড়াও চাকরির ১০ ও ১৬ বছরে উচ্চতর গ্রেড পাওয়া নিয়ে জটিলতা নিরসন এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা দেওয়ার দাবি তুলে ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে শনিবার সকাল থেকে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন। সেদিন বিকালে তারা ‘কলম বিরতি কর্মসূচি’ পালনে মিছিল নিয়ে শাহাবাগের দিকে এগিয়ে যাওয়া চেষ্টা করলে শাহবাগ থানার সামনে তাদের আটকে দেয় পুলিশ।
এসময় পুলিশের সাউন্ড গ্রেনেড ও জলকামান, লাঠি চার্জ, কাঁদুনে গ্যাসে শিক্ষকদের কর্মসূচি পন্ড হয়ে যায়। দেড় শতাধিক শিক্ষক আহত হওয়ার পাশাপাশি ৫ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের বাধার মুখে শহীদ মিনারে ফিরে এসে রোববার থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দেন শিক্ষকরা। এদিন রাতে শিক্ষক নেতারা কর্মবিরতি স্থগিত করে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। যদিও সেই সিদ্ধান্ত পরে তারা সরে আসেন।
গতকাল তৃতীয় দিনের মত শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান নেন। সেইসঙ্গে দ্বিতীয় দিনের মত তাদের কর্মবিরতির কর্মসূচিও চলে।










