প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালো বিএনপি

0

পূর্বদেশ ডেস্ক

জাতির উদ্দেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া ভাষণে ফেব্রুয়ারিতে নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের ঘোষণা দেওয়ায় তাকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
গতকাল বৃহস্পতিবার রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভা থেকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে এ ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে গত ১৭ অক্টোবর ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের ওপর জনগণের সম্মতি গ্রহণের জন্য গণভোট অনুষ্ঠান এবং শিগগির জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনের জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহবান জানিয়েছে বিএনপি।
বিএনপির গুলশান কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির এই সভা হয়। তারেক রহমান লন্ডন থেকে ভার্চ্যুয়ালি সভায় যুক্ত হন।
সভা শেষে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, আজ (বৃহস্পতিবার) জাতির উদ্দেশে প্রদত্ত ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আগামী ফেব্রæয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা পুনর্ব্যক্ত করায় এবং সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠানের ঘোষণা দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভা তাঁকে ধন্যবাদ জানায়। তিনি বলেন, সভায় ১৭ অক্টোবর ঐক্যমতের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের ওপর জনগণের সম্মতি গ্রহণের জন্য গণভোট অনুষ্ঠান এবং শিগগিরই জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করার জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহŸান জানানো হয়।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, সালাউদ্দিন আহমদ, এ জেড এম জাহিদ হোসেন ও হাফিজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে প্রধান উপদেষ্টার ভাষণের পর এক প্রতিক্রিয়ায় নিজ বাড়িতে ডাকা এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধান উপদেষ্টা মূল দলিল থেকে বহু দূরে সরে গেছেন।
একইসাথে সংবিধান সংস্কার পরিষদ নিয়েও প্রশ্ন তোলে দলটি। তাদের দাবি, সংবিধান সংস্কার পরিষদ গঠনের কোনো এজেন্ডা ঐকমত্য কমিশনে ছিল না। ফলে এ নিয়ে কোনো আলোচনাও হয়নি।
একইদিনে জাতীয় নির্বাচন ও গণভোটের বিষয়টি ইতিবাচক হলেও ‘নোট অব ডিসেন্ট’-এর বিষয়গুলোর কী হবে সে বিষয়ে স্পষ্ট কিছু বলা হয়নি বলে দাবি করে দলটি।