পটিয়া প্রতিনিধি
চাঞ্চল্যকর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার প্রধান আসামি বরখাস্ত পুলিশ পরিদর্শক পটিয়ার লিয়াকত আলী ও বরখাস্ত টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশের মৃত্যুদন্ড বহাল রেখে রায় প্রকাশ করা হয়েছে। রায়ে ৬ আসামির যাবজ্জীবন দন্ডও বহাল রেখেছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রকাশ করেছেন। এর আগে চলতি বছরের ২ জুন মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় প্রদীপ কুমার দাশ ও লিয়াকত আলীর মৃত্যুদন্ড বহাল রাখেন হাইকোর্ট। একই সঙ্গে ৬ আসামির যাবজ্জীবন দন্ড বহাল রাখেন আদালত। পাশাপাশি প্রত্যেক আসামির ৫০ হাজার টাকার জরিমানার আদেশও বহাল রাখা হয় রায়ে।
যাবজ্জীবন বহাল থাকা আসামিরা হলেন- টেকনাফ থানার সাবেক বরখাস্ত এসআই নন্দদুলাল রক্ষিত, কনস্টেবল রুবেল শর্মা, সাগর দেব, কক্সবাজারের বাহারছড়ার মারিশবুনিয়া গ্রামের মো. নুরুল আমিন, মোহাম্মদ আইয়াজ ও মো. নিজাম উদ্দিন। এই মামলায় গত ২৯ মে ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শেষ হয়। এ রায়ে যারা খালাস পেলেন তারা হলেন বরখাস্ত কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন ও আব্দুল্লাহ আল মামুন, বরখাস্ত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) লিটন মিয়া, বরখাস্ত এপিবিএনের উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজাহান, বরখাস্ত কনস্টেবল মো. রাজীব ও মো. আবদুল্লাহ।
২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া শামলাপুর তল্লাশিচৌকিতে নিহত হন সিনহা মো. রাশেদ খান। এ ঘটনায় নিহত সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস ২০২০ সালের ৫ আগস্ট বাদী হয়ে কক্সবাজার আদালতে টেকনাফের বাহারছড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক পটিয়ার লিয়াকত আলীকে প্রধান করে নয় পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলায় টেকনাফ মডেল থানার বরখাস্ত সাবেক ওসি প্রদীপ কুমার দাশকে করা হয় দুই নম্বর আসামি।
এ মামলার তদন্তভার দেওয়া হয় র্যাবকে। ২০২০ সালের ১৩ মামলার তদন্তকারী কর্মকর্তা মো. খাইরুল ইসলাম ওসি প্রদীপসহ ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। অভিযোগপত্রে সাক্ষী করা হয় ৮৩ জনকে। একই দিন পুলিশের দায়ের করা মামলা তিনটির চ‚ড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়। ২০২১ সালের ২৭ জুন আদালত ১৫ আসামির বিরুদ্ধে বিচারকাজ শুরুর আদেশ দেন কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালত।
সেসময় করোনা মহামারির কারণে আদালতের বিচার কার্যক্রম স্থগিত থাকায় ধার্য দিনে সাক্ষ্যগ্রহণ সম্ভব হয়নি। পরে ২০২১ সালের ২৩ আগস্ট থেকে ১ ডিসেম্বর পর্যন্ত ৮৩ জনের মধ্যে ৬৫ জন এ মামলায় সাক্ষ্য দেন। ২০২২ সালের ৯ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত মামলার উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের পর ৩১ জানুয়ারি মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে বরখাস্ত ওসি প্রদীপ ও বরখাস্ত পুলিশ পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদন্ড দেওয়া হয়। আর ছয় আসামিকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়ে বাকিদের খালাস দেন বিচারিক আদালত।
কোনো মামলায় বিচারিক আদালত আসামিকে মৃত্যুদন্ড দিলে ফৌজদারী কার্যিবধির ৩৭৪ ধারা অনুসারে সে মৃত্যুদন্ডাদেশ কার্যকর করতে হাইকোর্টের অনুমোদন লাগে, যা ডেথ রেফারেন্স মামলা হিসেবে পরিচিত। বিচারিক আদালতের রায়ের সাত দিনের মাথায় ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি মামলার যাবতীয় নথিসহ ডেথ রেফারেন্স হাইকোর্টে এসে পৌঁছায়। আর বিচারিক আদালতের রায়ের দুই সপ্তাহের মাথায় খালাসের পাশাপাশি রায় বাতিল ও রদ চেয়ে হাইকোর্টে আপিল করেন প্রদীপ-লিয়াকত। পরে যাবজ্জীবন দন্ডাদেশ পাওয়া দন্ডিতরাও আপিল করেন।
এর আগে গত ২৯ এপ্রিল সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিল শুনানি শেষ হয়। ২ জুন রায়ের দিন ধার্য করে হাইকোর্ট। গত ২৩ এপ্রিল এ মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শুরু হয়। ২১ এপ্রিল আলোচিত এ হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। একইসঙ্গে মামলার যাবতীয় নথি বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চে পাঠানো হয়।
এ মামলার ১ নম্বর আসামি ও তৎকালীন বাহারছড়া তদন্তকেন্দ্রের বরখাস্ত পুলিশ পরিদর্শক চট্টগ্রামের পটিয়ার লিয়াকত আলীসহ অন্যান্য আসামির কী ধরনের সাজা হবে তা নিয়ে কৌত‚হলের শেষ নেই। এদিকে বরখাস্ত বাহারছড়া তদন্তকেন্দ্রের সাবেক পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর ফাঁসি বা মৃত্যুদন্ড হওয়ায় খুশি এলাকাবাসী।
লিয়াকতের মৃত্যুদন্ড হওয়ায় খুশি এলাকাবাসী
এদিকে রায় প্রকাশের পর গতকাল বৃহস্পতিবার বিকেলে মৃত্যুদন্ড বহাল থাকার রায় জানার পর প্রধান আসামি বরখাস্ত পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর গ্রামের বাড়ি পটিয়ার হুলাইন গ্রামে গিয়ে সাধারণ মানুষের মতামত জানতে চাওয়া হলে নাম প্রকাশ না করার শর্তে এলাকার একাধিক ব্যক্তি বলেন, মেজর সিনহা হত্যাকারী লিয়াকত আলী পটিয়ার জন্য কলঙ্ক। তিনি পুলিশের প্রভাব খাটিয়ে পটিয়াতেও মাদক ব্যবসা করেছিলেন। তার অনুসারীরা মাদক ও অন্যান্য মামলায় আটক হলেও তখন লিয়াকতের অদৃশ্য ক্ষমতার দাপটে কয়েক দিন পরই ছাড়া পেয়ে যেতেন। তাই পটিয়ার জনসাধারণ লিয়াকত আলী ও ওসি প্রদীপের মৃত্যুদন্ড বহাল থাকায় খুশি তারা।
উল্লেখ্য, প্রায় সাড়ে ৫ বছর আগে টেকনাফে চেকপোস্টে পুলিশের গুলিতে মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হওয়ার ঘটনায় আলোচনায় উঠে আসে বাহারছড়া তদন্ত কেন্দ্রের সাবেক পরিদর্শক পটিয়ার লিয়াকত আলীর নাম। চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব হুলাইন গ্রামে লিয়াকতের বাড়ি। তিনি ওই গ্রামের মৃত মো. সাহাব মিয়ার ছেলে। ছয় ভাই ও এক বোনের মধ্যে লিয়াকত পঞ্চম। লিয়াকত আলী ২০১০ সালে পুলিশে চাকরি পান পটিয়ার সাবেক সংসদ সদস্য ও বিতর্কিত হুইপ সামশুল হক চৌধুরীর ডিউলেটারে। প্রথমে ডিবি, পরে সোয়াট ও অ্যান্টি টেররিজম ইউনিটে কাজ করেন। লিয়াকত আলী প্রথমে চন্দনাইশ উপজেলায় বিয়ে করেন। ওই স্ত্রীকে তালাক দেওয়ার পর বোয়ালখালী উপজেলায় দ্বিতীয় বিয়ে করেন। ওই ঘরে তার ৯ বছরের এক ছেলে রয়েছে।










