প্রথিতযশা সাংবাদিক মাহবুব উল আলম

1

মোঃ নাজিম উদ্দিন বেলাল

দেশের সাহিত্য ও সাংবাদিকতা জগতে এক উজ্জ্বল নক্ষত্র, দৈনিক আজাদী’র সহ-সম্পাদক, মাসিক খতিয়ান, মাসিক আলোকধারাসহ অসংখ্য কালজয়ী ম্যাগাজিনের সম্পাদক, এবং বহু গ্রন্থপ্রণেতা শ্রদ্ধেয় জনাব মোঃ মাহবুব উল আলম স্যারের প্রস্থানে আমরা আজো স্তব্ধ, বেদনাভারাক্রান্ত।
স্যারের প্রস্থান আমাদের জন্য কেবল একজন গুণী ব্যক্তিত্বের বিদায় নয়, বরং এক চলমান জ্ঞানের ভান্ডারের নীরবতা। তাঁর লেখার ভঙ্গি ছিল জাদুকরী—চুপচাপ, স্বল্পবাক এই মানুষটি এক বসায় লিখে ফেলতেন পৃষ্ঠার পর পৃষ্ঠা। তাঁর ভাষায় ছিল মধু, আর লেখায় ছিল এক দুর্নিবার আকর্ষণ ও যাদু। একবার তাঁর লেখা শুরু করলে তা শেষ না করে ওঠা যেত না।
শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্ট-এর গবেষণা ও প্রকাশনা কমিটির সাবেক সভাপতি হিসেবে তাঁর অবদান ছিল অসামান্য। বিশেষ করে, মাসিক আলোকধারাকে একটি মানসম্মত ও প্রাজ্ঞ ম্যাগাজিন হিসেবে প্রতিষ্ঠা করতে তিনি তাঁর মেধা ও মননের সর্বোচ্চটুকু ব্যবহার করেছেন।
যখনই ট্রাস্টের কাজ বা ‘আলোকধারা’ নিয়ে তাঁর বাসভবনে সাক্ষাৎ হয়েছে, তিনি প্রাণ খুলে কথা বলতেন। তাঁর মাঝে ছিল না কোনো অহংকার, ছিল না ছোট-বড় ভেদাভেদ। তিনি ছিলেন সহজ, আন্তরিক ও মাটির মানুষ। তাঁর সেই অমূল্য সান্নিধ্য লাভের স্মৃতি আজও অমলিন।
স্যারের কবিতায় ছিল ছন্দ আর প্রেমে ভরপুর আবেগ—সেটা হোক মুর্শিদের স্মরণ, দেশপ্রেম বা নিছক কোনো মানবিক অনুভূতি। তিনি যেন কবিতাকে স্রেফ শব্দ নয়, প্রেমে রূপান্তরিত করতেন।
মওলা হুজুরকে নিয়ে তাঁর লেখা এই কলামটি তাঁর গভীর আধ্যাত্মিক আকুতির প্রতিচ্ছবি :
‘আমি বারে বারে যদি সুযোগ পাই, ততবারই আপনার সান্নিধ্য পাবার প্রবল আকাঙ্ক্ষায় মত্ত থাকবো।’
তিনি ছিলেন শাহানশাহ বাবাজানের সোহবতপ্রাপ্ত একজন ভাগ্যবান ব্যক্তিত্ব। শুধু তাই নয়, তিনি ছিলেন অছি-এ গাউসুল আযম মাইজভান্ডারী (ক.)-এর সান্নিধ্যধন্য। গাউসুল আযম মাইজভান্ডারী প্রবর্তিত ত্বরিকাকে গবেষণা পর্যায়ে নিয়ে যেতে তিনি দিনরাত নিরলস প্রচেষ্টা চালিয়ে গেছেন।
তাঁর সুন্দর, আন্তরিক বাক্য আজও কানে ভাসে—’বেলাল মিয়া, আইস্যো না’ । সেই স্নেহমাখা আহবান আর শোনা হবে না।
মাহবুব স্যার শুধু গুণী ছিলেন না, শুধু জ্ঞানীও ছিলেন না—তিনি ছিলেন জ্ঞানের এক সুবিশাল ভান্ডার। তাঁর কর্ম, তাঁর সৃষ্টি এবং তাঁর আলোকিত জীবন তাঁকে আমাদের মাঝে বাঁচিয়ে রাখবে।
মাহবুব স্যারদের কোনো মৃত্যু নেই।
আজ ২ ডিসেম্বর শ্রদ্ধেয় মাহবুব উল আলম স্যারের প্রথম মৃত্যুবার্ষিকী। এই দিনে স্যারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। আল্লাহ্ স্যার-কে জান্নাতুল ফিরদাউস নসীব করুন।

লেখক : সংগঠক