চকরিয়া প্রতিনিধি
পরিবর্তিত পরিস্থিতিতে প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। প্রচারণায় অংশ নিতে গিয়ে সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্যপ্রার্থী সালাহউদ্দিন আহমদ।
এর আগে গতকাল মঙ্গলবার সকালে তিনি ৫ দিনের সফরে ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। এ সময় তার সহধর্মিণী ও চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ সাথে ছিলেন। সেখানে দলীয় নেতা-কর্মীদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় শেষে বেলা ১১টার দিকে খুটাখালী পৌঁছান তিনি। সেখানে তিনি খুটাখলীর পীর হাফেজ আব্দুল হাইয়ের কবর জিয়ারত করেন। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে খুটাখালী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ করে ধানের শীষের পক্ষে ভোট চান সালাহউদ্দিন আহমদ।
গ্রামীণ জনপদে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে এলাকার কয়েক হাজার সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হন তিনি। সাধারণ মানুষ দীর্ঘদিন পর তাদের প্রিয় নেতাকে কাছে পেয়ে আবেগআপ্লূত হয়ে পড়েন। পরে খুটাখালী ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন করেন সালাহউদ্দিন আহমদ। বিকালে ডুলাহাজারা ইউনিয়নে পৌঁছে সর্ব প্রথম ওই ইউনিয়নের পীরে কামেল মরহুম মৌলানা আব্দুর রশিদ হজুরের কবর জিয়ারত করেন তিনি। পরে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ধানের শীষের পক্ষে নির্বাচনী জনসংযোগ ও স্থানীয় বিএনপি আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন।
সন্ধ্যায় ফাঁসিয়াখালী ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ শেষে স্থানীয় ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন। রাত ৮ টার দিকে নিজ আসনের প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল ফারুকের হারবাংস্থ বাসায় যান সালাহউদ্দিন আহমদ। এ সময় তিনি আবদুল্লাহ আল ফারুকের পিতা নুরুল কবিরের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
চকরিয়ায় সালাহউদ্দিন আহমদের এসব কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক এম মোবারক আলী, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম আব্দুর রহিমসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।











