মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে পুড়ে গেছে মুরগির খামার। গতকাল রোববার দুপুর ১টার দিকে উপজেলার ১৬ নম্বর সাহেরখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মঘাদিয়া ঘোনা এলাকায় আলা উদ্দিনের পোল্ট্রি খামারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়ে যায় আড়াই হাজার ব্রয়লার মুরগি। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত খামারি আলা উদ্দিন বলেন, আজ (রোববার) দুপুরে দেখি খামারে আগুন জ্বলছে। মুহূর্তেই খামারের সব মুরগি পুড়ে গেছে। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা সময়মতো না আসায় সব শেষ হয়ে গেছে।
তিনি আরো বলেন, বাড়ির পাশে ২০ শতক জায়গার ওপর প্রায় ১০ মাস পূর্বে সোনালী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে মুরগির খামারটি গড়ে তুলেছি। খামারে কাজী ফার্ম থেকে ধারে আড়াই হাজার মুরগির বাচ্চা তুলেছি। খাদ্য ও ওষুধও কিনেছি বাকিতে। ২৫ দিন পর মুরগি বিক্রি করার কথা। এখন সব হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম।
মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা আহমেদ হোসেন বলেন, আগুনের খবর আমরা দেরিতে পেয়েছি। দুর্গম পথ হওয়ায় যেতে দেরি হয়ে গেছে। ধারণা করা যাচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তাধীন।











