পালিয়ে গেল শীর্ষ কারবারি জলইক্যা পুড়িয়ে দেয়া হলো মাদক স্পট

2

রাঙ্গুনিয়া প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ঘাগড়াকুল এলাকায় আলোচিত মাদক সম্রাট আজিজুল হক ওরফে জলইক্যার গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল সোমবার ঘাগড়াকুল তৈয়্যবিয়া কেএ সুন্নিয়া মহিলা মাদ্রাসার সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিপুল সংখ্যক স্থানীয় জনতা, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
এতে বক্তব্য দেন মাদ্রাসা সভাপতি হাজী শফিউল আহমদ, জেলা যুবদল নেতা শাহেদ কামাল তালুকদার, ইউছুপ কামাল তালুকদার, জাহেদুল আলম চৌধুরী, রেজাউল করিম সওদাগর, আব্দুল মান্নান রনি, সিরাজুল ইসলাম, রাজানগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম, মাসুদ চৌধুরী, মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল খালেক, রেজাউল করিম, কাজী মহিউদ্দিন, কামরুল ইসলাম পারভেজ, জসিম উদ্দিন লিটন, মুহাম্মদ বাবর হোসাইন প্রমুখ।
এলাকাবাসীর দাবি- মাদকমুক্ত বৃহত্তর রাজানগর করতে জলইক্যা ও তার পুরো চক্রকে দ্রুত আইনের আওতায় আনতে হবে।
এদিকে মানববন্ধন চলাকালে নাম্বারবিহীন মোটরবাইকে করে গাঁজা কিনতে আসা দু’জনকে ধরে ফেলেন এলাকাবাসী। তারা জলইক্যার কাছ থেকে গাঁজা কিনতে আসার কথা স্বীকার করেন। একই সময়ে একটি মাদক বেচাকেনার স্পট পুড়িয়ে ধ্বংস করা হয়। যেখান থেকে পাওয়া যায় গাঁজা ও মাদক সেবনের সরঞ্জাম। পরে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে জলইক্যার বাড়িতে গেলে মাদক সম্রাট জলইক্যা পালিয়ে যায়। তবে তার বাড়িতে সন্দেহজনক কয়েকজনকে পাওয়া যায়। তাদের ইউপি চেয়ারম্যানের হেফাজতে দেয়া হয়েছে।
খবর পেয়ে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় আটক দুইজনকে মাদকসহ গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।