হাটহাজারী প্রতিনিধি
হাটহাজারীর নাজিরহাট কলেজে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণির (২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ) এবং অনার্স ১ম বর্ষ (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গতকাল বুধবার সকালে এ উপলক্ষে পবিত্র কোরআন, গীতা ও ত্রিপিটক থেকে পাঠ শেষে কলেজ গভর্নিং বডির সভাপতি ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে সম্মাননা স্মারক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক গভর্নিং বডির সদস্য অধ্যাপক মোহাম্মদ শাহাবুদ্দীন।
কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জহির উদ্দীন ছিদ্দিকী (শাহীন) এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে ভাল ফলাফল ও সুনাগরিক হিসেবে নিজদের তৈরির বিষয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
তিনি বলেন, তোমাদের হাতেই নির্মিত হবে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ। তাই কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ সময়ের যথাযথ ব্যবহার করে ব্যক্তি জীবনে সাফল্যের মজবুত ভিত্তি রচনা করতে হবে এবং উন্নত বাংলাদেশ গঠনে সফল অংশীজন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে কলেজ ও এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন ও মন্তব্যের উচ্চ প্রশংসা করে তিনি শিক্ষার্থীদের জুলাই বিপ্লবের চেতনাকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথির বক্তব্যে গভর্নিং বডির সদস্য অধ্যাপক মোহাম্মদ শাহাবুদ্দীন বলেন, কলেজ গভর্নিং বডির সভাপতি ও শিক্ষানুরাগী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন কলেজের দায়িত্ব নেওয়ার পর থেকে শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারী তথা কলেজের সার্বিক উন্নয়নে অনেকগুলো গুরুত্বর্পূণ কাজ সম্পাদন করেছেন। কলেজ সরকারিকরণে চলমান কার্যক্রম দ্রæত সম্পন্ন হবে। কলেজের সার্বিক সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করে উচ্চ শিক্ষা লাভে ব্রতী হয়ে কলেজের সুনাম অক্ষুন্ন রাখবে।
অধ্যাপক ড. দোলন কান্তি ভট্টাচার্য্য এবং প্রভাষক মোসফেকা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম, অধ্যাপক মোহাম্মদ গোলাম কিবরিয়া, অধ্যাপক নাছির উদ্দীন আহামদ চৌধুরী, অধ্যাপক এস. এম. কাউছার, গভর্নিং বডির সম্মানিত সদস্য কাজী সাইফুল ইসলাম টুটুল প্রমুখ।
অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য জাহেদা ইকবাল চৌধুরী, মোহাম্মদ রফিক, অধ্যাপক এস এম, কাউছার, অধ্যাপক মোহাম্মদ নুরুর আলম, প্রভাষক মোসফেকা চৌধুরী, মো. সেলিম জাহাঙ্গীর, মোহাম্মদ মনজুর মিয়া। বিশেষ অতিথি ছিলেন নুর মোহাম্মদ, আমিনুল ইসলাম, আলহাজ রহমত উল্লাহ, গিয়াস উদ্দীন চেয়ারম্যান ও শাহাদাত ওসমান চেয়ারম্যান।
সবশেষে অধ্যাপক রোজী মজুমদারের নির্দেশনায় এবং প্রভাষক সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক ও প্রভাষক জান্নাতুল ফেরদৌসের উপস্থাপনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।











