রাঙামাটির রাজস্থলী উপজেলায় ছাদ থেকে পড়ে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা রেখা চৌধুরীর (৬০) মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১২ নভেম্বর রাতে উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের বাঙ্গালহালিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রেখা চৌধুরী রাজস্থলী উপজেলার গাইন্দ্যা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। সম্প্রতি তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে রেখা চৌধুরী নিজ বাড়ির দ্বিতীয় তলার ছাদে একা অবস্থান করছিলেন। কোনো এক সময় অসাবধানতাবশত তিনি পা পিছলে নিচ তলার ছাদে পড়ে যান। তিনি একা ছিলেন, তাই কেউ বিষয়টি টের পাননি। রাত ১১টার দিকে ছোট ছেলে রানা চৌধুরী বাড়িতে ফিরে এসে দরজায় বারবার নক করেও কোনো সাড়া না পেয়ে বিকল্প পথে ছাদে উঠে মাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তিনি কাকাতো ভাই অমরনাথ চৌধুরী ও স্থানীয়দের সহায়তায় দ্রুত আহত রেখা চৌধুরীকে চন্দ্রঘোনার খ্রিষ্টান মিশন হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রেখা চৌধুরীর স্বামী মৃত দীলিপ চৌধুরী ছিলেন রাজস্থলী উপজেলার সাবেক সমবায় কর্মকর্তা ও সমাজসেবক। তাঁর মৃত্যুর পর থেকে রেখা চৌধুরী সন্তানদের নিয়েই সংসার সামলাচ্ছিলেন। তাঁর বড় ছেলে সাংবাদিক বাপ্পা চৌধুরী জানান, বোয়ালখালীর গ্রামের বাড়িতে শেষকৃত্য সম্পন্ন হয়। বিজ্ঞপ্তি











