পটিয়ার ইউপি সদস্য ইয়াবাসহ আনোয়ারায় ধরা

1

পটিয়া প্রতিনিধি

পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য শফিউল বশর (৩২) কে ৩ হাজার ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে আনোয়ারা সেনা ক্যাম্প ও আনোয়ারা থানা পুলিশের যৌথ টিম।
পুলিশ জানায়, উপজেলার কালাবিবি দিঘীর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ইউপি সদস্য শফিউল বশর পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের পূর্ব কোলাগাঁও ১ নং ওয়ার্ডের নলান্দা গ্রামের খুইল্লা মিয়ার ছেলে।
পুলিশ জানায়, স্থানীয় একটি মাদকচক্র ইয়াবা লেনদেন করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে আনোয়ারা থানার একটি টিম ওই এলাকায় অবস্থান নেয়। সোমবার সকালে কালাবিবি দিঘীর মোড় এলাকায় সন্দেহজনক গতিবিধি দেখে শফিউলকে আটক করা হয়। এসময় তার বহন করা শপিংব্যাগ তল্লাশি করলে দুটি সাদা পলিথিনে মোড়ানো ১ হাজার ৭৭৫ পিস করে মোট ৩ হাজার ৫৫০ পিস ইয়াবা পাওয়া যায়। এছাড়া মাদক বিক্রির ৭ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়।
আনোয়ারা থানা পুলিশের উপ-পরিদর্শক আতিকুর রহমান বলেন- ইউপি সদস্য শফিউল বশর দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। গোপন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। তার ব্যাগ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। সে একটি বড় চক্রের সক্রিয় সদস্য। তার কাছ থেকে উদ্ধারকৃত ইয়াবার মূল্য ১০ লাখ ৬৫ হাজার টাকা।
তিনি আরও বলেন, উদ্ধারকৃত ইয়াবার উৎস শনাক্তে তদন্ত চলছে। প্রয়োজন হলে অন্যান্য এলাকাতেও অভিযান পরিচালনা করা হবে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কোলাগাঁওয়ের বাশিন্দারা জানান, এলাকায় কিছুদিন ধরে অচেনা লোকজনের আনাগোনা বেড়ে গিয়েছিল। তার সহযোগী কালা সাজ্জাদসহ এ সিন্ডিকেটটির দৌরাত্মে এলাকার সাধারণ মানুষ অসহায়। তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পেতেন না।