নিজস্ব প্রতিবেদক
পটিয়ায় আওয়ামী লীগ বিরোধী যুবদলের মশাল মিছিল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় বইছে। পটিয়া পৌরসভা যুবদলের ব্যানারে আয়োজিত মশাল মিছিলে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের একাধিক নেতাকর্মী অংশগ্রহণ করায় হচ্ছে আলোচনা-সমালোচনা।
গত মঙ্গলবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া পৌরসদরের বাস স্টেশন চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে প্রেস ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
মিছিলের নেতৃত্ব দেন পটিয়া পৌরসভা যুবদলের যুগ্ম আহব্বায়ক নুরুল হাকিম। অভিযোগ রয়েছে, তিনি মিছিলে বেশি উপস্থিতি দেখাতে তাতে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ নেতাদেরও অংশগ্রহণ করান।
স্থানীয় সূত্র জানায়, মিছিলে অংশ নেওয়া যুবলীগের এরশাদ, ছাত্রলীগের নাজিব, সায়মন ও দেলোয়ার স্থানীয়ভাবে কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য হিসেবেও পরিচিত। এ ঘটনায় যুবদলের অভ্যন্তরে চরম অসন্তোষ তৈরি হয়েছে।সামাজিক যোগাযোগ মাধ্যমে মিছিলে অংশগ্রহণকারীদের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে বিএনপি ও যুবদল সমর্থকরা তীব্র সমালোচনা শুরু করেন। অনেকেই এটিকে ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিএনপি বিরোধী ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়া’ বলে মন্তব্য করেন।
এদিকে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি গত ১১ নভেম্বর এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে জেলা ও মহানগর যুবদলসহ সকল ইউনিটকে সতর্ক করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমতি এবং কেন্দ্রীয় দপ্তর সেলের সাথে সমন্বয় ব্যতীত কোন ধরনের কর্মসূচি গ্রহণ করা যাবে না। নির্দেশনা অমান্য করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, তবে বিএনপির ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।
নাম প্রকাশে অনিচ্ছুক দক্ষিণ জেলা যুবদলের এক শীর্ষ নেতা বলেন, কেন্দ্রীয় নির্দেশনা উপেক্ষা করে স্থানীয় পর্যায়ে এই ধরনের কর্মসূচি গ্রহণ করা শৃঙ্খলাভঙ্গ। মিছিলে আওয়ামী লীগ ঘরানার ব্যক্তিদের অংশগ্রহণ আমাদের সংগঠনের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করেছে।










