পটিয়া প্রতিনিধি
পটিয়ায় মো. কামাল উদ্দিন (২৭) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার সকাল ৮টার দিকে ‘কাজে যাচ্ছি’ বলে বাড়ি থেকে বের হন কামাল। এরপর দুপুর সাড়ে ১২ টার দিকে স্থানীয়রা ছাটাবিটা কবরস্থানের একটি গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পটিয়া থানা পুলিশ বিকেলে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যান।
কামাল কচুয়াই ইউনিয়নের দক্ষিণ শ্রীমাই লালারখীল উত্তর পাড়ার আলীর বাপের বাড়ির মৃত জেবর মুল্লুকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ছাগল চরাতে গিয়ে এলাকার গনি বাবুর্চী নামে এক ব্যক্তি কবরস্থানের ভেতর আকাশী গাছে মরদেহ ঝুলতে দেখেন। তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসেন। তারা দেখেন কামাল গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
কামালের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে সংসারে অভাব অনটন আর দার-দেনা নিয়ে অশান্তি চলছিল। এরপরও কামাল কারও সঙ্গে এ নিয়ে খোলাখুলি কথা বলতেন না। গতকাল বুধবার সকালে তিনি যথারীতি কাজে যাওয়ার কথা বলে বের হন। কিন্তু আর ফেরেননি। ধারণা করা হচ্ছে, পারিবারিক চাপ সহ্য করতে না পেরে এমনটা করেছেন তিনি।
ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরে সন্ধ্যায় লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পটিয়া থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে।
পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা বলেন, প্রাথমিক তদন্তে এটি সুস্পষ্ট আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে চূড়ান্ত কারণ নিশ্চিত হওয়া যাবে।











