পটিয়ায় মোটরসাইকেল চোরচক্রের ৭ জন গ্রেপ্তার

4

পটিয়া প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ভেস্তে গেল মোটরসাইকেল চোর চক্রের শক্তিশালী একটি সিন্ডিকেট। গত সোমবার রাতে পটিয়ার মনসারটেক বাজার এলাকায় অভিযান চালিয়ে চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বৈধ কাগজপত্রবিহীন ১৫০ সিসির দু’টি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ ৩০ হাজার টাকা।
গ্রেপ্তাররা হলেন মো. হাসান ওরফে এনাম (২৭), মো. সোহেল (২৪), নুরুল হক ওরফে আকাশ (২৫), মো. তারেক হোসেন ওরফে সুমন (২৫), মো. হাসান (২৪), সাইফুর রহমান (২৬), মো. হেলাল (২৭)।
পটিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, এই চক্রটি কক্সবাজার, চট্টগ্রামের বিভিন্ন এলাকা ও পার্শ্ববর্তী জেলা থেকে মোটরসাইকেল চুরি করে ইঞ্জিন-চেসিস নম্বর পরিবর্তন করে পটিয়া-বোয়ালখালী অঞ্চলে ক্রেতাদের কাছে কম দামে বিক্রি করত। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১১ টার দিকে পটিয়া-বোয়ালখালী আরাকান মহাসড়কের মনসারটেক বাজার এলাকার ফুলবন বেকারির পাশে তাদের হাতেনাতে ধরা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, আমরা গোপন সূত্রে খবর পেয়ে দ্রুত অভিযান চালাই। গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে এই ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, চোরাই মোটরসাইকেলের বড় বড় চক্রগুলোকে ধরতে আমরা বিশেষ নজরদারি বৃদ্ধি করেছি। এই গ্রেপ্তারের ফলে চট্টগ্রাম-কক্সবাজার রুটে চোরাই বাইকের কারবারে বড় ধাক্কা লাগবে। জনগণের সম্পদ রক্ষা করাই আমাদের মূল লক্ষ্য।