পটিয়ায় মমতা ডেইরি ফার্মের জাতীয় প্রাণিসম্পদ পদক অর্জন

1

কাউছার আলম, পটিয়া

প্রাণিসম্পদ খাতে বিশেষ অবদান রাখায় জাতীয় প্রাণিসম্পদ পদক পেয়েছে চট্টগ্রামের পটিয়ায় অবস্থিত বেসরকারি উন্নয়ন সংস্থা ‘মমতা ডেইরি ফার্ম’।
গত বুধবার রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের হাত থেকে সম্মাননা গ্রহণ করেন মমতার পরিচালক তৌহিদ আহমেদ। অনুষ্ঠানের শুরুতেই ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা ও ভবিষ্যত নীতি তুলে ধরে বলেন, দেশের খাদ্য নিরাপত্তা ও পুষ্টিতে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। সরকারি-বেসরকারি প্রচেষ্টা এ খাতকে বিশ্বমানে উন্নীত করতে পারে।
পটিয়া উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা যায়, দক্ষিণ চট্টগ্রামে নিরাপদ ও মানসম্মত দুধ বাজারজাতকরণের ক্ষেত্রে মমতা একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে পরিচিত হয়েছে।
পটিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ ইলিয়াছ বলেন, মমতা ডেইরি গ্রামীণ অঞ্চলে টেকসই দুগ্ধ চেইন তৈরি করেছে। প্রযুক্তির ব্যবহার, রোগ নিয়ন্ত্রণ, উন্নত প্রজনন সব মিলিয়ে এটি একটি সফল কমিউনিটি মডেল। তাই তারা পুরস্কার অর্জন করেছে।
মমতা একটি বেসরকারি উন্নয়নমূলক সেবাধর্মী সংগঠন। এটি ১৯৮৩ সালে চট্টগ্রামে যাত্রা শুরু। প্রাথমিকভাবে দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, মাতৃ-শিশু কল্যাণ এবং দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নকে সামনে রেখে কাজ শুরু করে।
পরে দারিদ্র্য বিমোচন, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিতকরণ, গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়ন, খাদ্য নিরাপত্তা, নারীর ক্ষমতায়ন, কৃষি-পশুপালন ও অর্থনৈতিক উন্নয়নমুখী প্রকল্প চালুর মাধ্যমে প্রতিষ্ঠানটি নিজেকে দেশের অন্যতম শীর্ষস্থানীয় এনজিও হিসেবে প্রতিষ্ঠিত করে।
মমতার যা কিছু:
চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় নামমাত্র সেবা মূল্যে স্বাস্থ্য সেবা, উপজেলাসমূহে স্বাস্থ্যসেবা নেটওয়ার্ক, ৫০ হাজারেরও বেশি ক্ষুদ্র উদ্যোক্তাকে সমর্থন, চট্টগ্রামে সবচেয়ে বড় কমিউনিটি হেলথ প্রোগ্রাম, পুষ্টির চাহিদা পূরণে দুগ্ধ উৎপাদন, সম্প্রসারণে কাজ করছে। মমতা চট্টগ্রামে বিগত চার দশকেরও বেশি সময় ধরে মা ও শিশুস্বাস্থ্য সেবায় প্রশংসনীয় ভূমিকা রেখে জাতীয় পর্যায়ে সংগঠন হিসেবে এ পর্যন্ত ১৭ বার জাতীয় পুরস্কার পেয়েছে এবং প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত এক লক্ষ বিশ হাজারেরও বেশি নিরাপদ ডেলিভারি সম্পন্ন করেছে।
চট্টগ্রামে মমতার পাঁচটি পূর্ণাঙ্গ মাতৃসদন হাসপাতাল, আটটি স্বাস্থ্য সেবা কেন্দ্র এবং প্রায় ৪০টি স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা দিয়ে আসছে।
২০২৪ সালে মমতার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী রফিক আহামদ সমাজসেবায় “একুশে পদক” লাভ করেন যা তার ব্যক্তিগত ও প্রতিষ্ঠানটির দীর্ঘ মানবিক পথচলার রাষ্ট্রীয় স্বীকৃতি।
দক্ষিণ চট্টগ্রামে বিশেষত- পটিয়ার গ্রামীণ জনপদে প্রযুক্তিনির্ভর আধুনিক দুগ্ধ উৎপাদন ব্যবস্থা গড়ে তোলে মমতা ডেইরি ফার্ম। যেখানে স্টেটরয়েড প্রয়োগবিহীন ও উচ্চমানের গাভী পালন, প্রশিক্ষণ-কেন্দ্রিক দুগ্ধ উৎপাদক, উদ্যোক্তা গড়ে তোলা, নিরাপদ দুধ সংগ্রহ ও বাজারজাতকরণ, স্থানীয় যুবকদের কর্মসংস্থানমূলক কার্যক্রম বিশেষভাবে উল্লেখযোগ্য।
পটিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ ইলিয়াছ বলেন, মমতা ডেইরি ফার্ম আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক ব্যবস্থাপনার একটি অসাধারণ উদাহরণ। উন্নত জাতের গাভী পালন, পুষ্টিকর খাদ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা এবং প্রযুক্তির কার্যকর ব্যবহার- সবমিলিয়ে ফার্মটি দক্ষিণ চট্টগ্রামে নিরাপদ ও পুষ্টিকর দুধের একটি নির্ভরযোগ্য উৎস।
তিনি বলেন, এখানে খামারিরা হাতে-কলমে আধুনিক প্রযুক্তি, উন্নত ডেইরি ব্যবস্থাপনা ও উৎপাদনশীলতা বাড়ানোর কৌশল শিখতে পারেন। যখন একটি খামারি দেখেন যে সঠিক ব্যবস্থাপনা ও প্রযুক্তি প্রয়োগে একই গাভী থেকে দুধের পরিমাণ ও গুণগত মান উল্লেখযোগ্যভাবে বাড়ানো যায়-তখন তিনিও নিজের খামারে আধুনিক পদ্ধতি গ্রহণে উৎসাহিত হন। এভাবেই মমতা ডেইরি ফার্ম একটি বাস্তব অনুপ্রেরণার কেন্দ্র হয়ে উঠেছে।
অর্থাৎ মমতা ডেইরি ফার্ম আজ শুধু একটি উন্নত খামার নয় বরং সামাজিক উন্নয়ন, টেকসই উৎপাদন এবং দায়িত্বশীল উদ্যোগের একটি আদর্শ মডেল।
স্থানীয়রা আশা করছেন, মমতার এ সাফল্য আগামী দিনগুলোতে পটিয়ার প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করবে এবং জাতীয় পর্যায়ে পটিয়ার অবস্থান আরও সুদৃঢ় করবে।
পদক পাওয়ার পর মমতার পরিচালক তৌহিদ আহমেদ বলেন, এটি শুধু মমতার স্বীকৃতি নয়, চট্টগ্রামের মানুষের ভালোবাসা ও কৃষকের পরিশ্রমের প্রতিফলন। প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে আমরা সরকারের সঙ্গে সমন্বয় রেখে আরও গবেষণাভিত্তিক কাজ করব।
এ সফল উদ্যোক্তা আরও বলেন, দুধ উৎপাদনের নিরাপত্তা, খামার প্রযুক্তির আধুনিকায়ন এবং স্থানীয় উদ্যোক্তা গড়ে তুলতে আমরা নতুন প্রকল্প নিয়োজিত করছি। এই স্বীকৃতি আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিল। অর্থনৈতিক উন্নয়ন বিশ্লেষক মোহাম্মদ হাশেম খন্দকার বলেন, দক্ষিণ চট্টগ্রামে দারিদ্র্য হ্রাসে মমতার ভ‚মিকা সুস্পষ্ট।
মমতা জানিয়েছে আগামী পাঁচ বছরে তারা ২০ হাজার ক্ষুদ্র খামারি তৈরি, ডিজিটাল পশুস্বাস্থ্য রেকর্ড সিস্টেম চালু, দুধ প্রক্রিয়াজাত কারখানা স্থাপন, কৃষি প্রাণিসম্পদে যৌথ গবেষণা ল্যাব নির্মাণ, নারীদের জন্য বিশেষ ‘দুধ উদ্যোক্তা’ প্রকল্প চালু করবে।
স্থানীয়রা বলছেন, জাতীয় প্রাণিসম্পদ পদক প্রতিষ্ঠানটির দীর্ঘ সংগ্রাম ও সাফল্যের যৌক্তিক স্বীকৃতি।