পটিয়ায় বিএনপির প্রার্থী পুনর্বিবেচনা চাইলেন ৪ নেতা

0

পটিয়া প্রতিনিধি

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থীর মনোনয়ন পুনর্বিবেচনার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর আবেদন জানিয়েছেন মনোনয়নপ্রত্যাশী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলার আহব্বায়ক এবং যুগ্ম আহবায়ক পর্যায়ের ৪ নেতা।
গতকাল বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহব্বায়ক মোহাম্মদ ইদ্রিস মিয়া।
এই আসনে প্রার্থী হিসেবে কেন্দ্র থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহব্বায়ক এনামুল হক এনামের নাম ঘোষণা করেছে দল। এ নিয়ে প্রকাশ্যে প্রতিবাদ বা সভা সমাবেশ না করলেও দলীয় কোন্দলের কারণে নেতাকর্মীদের একটি অংশ অসন্তুষ্ট।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির দলীয় প্যাডে ৪ নেতা স্বাক্ষরিত চিঠিটির কপি গতকাল রাতে গণমাধ্যমের হাতে এসেছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরাবরে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে- আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ যথাক্রমে দুইবারের সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ ইদ্রিস মিয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম নেছার এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন সালাম মিঠ, আমরা চট্টগ্রাম-১২ পটিয়া সংসদীয় আসনের মনোনয়নপ্রত্যাশী। আমরা সকলে পারস্পরিক বোঝাপড়া ও আলাপ আলোচনার মাধ্যমে চারজন একমত হয়েছি। যদি আমাদের মধ্যে থেকে যাকে চূড়ান্ত মনোনয়ন দিলে বিপুল ভোটে এই আসনটি উপহার দিতে পারবো। আমাদের এই চার জনের মধ্যে গাজী শাহজাহান জুয়েল দুই বারের সাবেক সংসদ সদস্য ছিলেন ও আলহাজ ইদ্রিস মিয়া সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন। উনাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নির্বাচন করলে বিএনপি চূড়ান্ত মনোনয়ন যাকে দিবে তার জয় লাভ করা সহজ হবে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে- পটিয়া আসনে প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী এনামুল হক এনামের এস আলম কান্ড এবং সংশ্লিষ্টতায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহব্বায়ক মোহাম্মদ ইদ্রিস মিয়া বলেন, পটিয়া ও জেলায় এস আলমের বিলাসবহুল গাড়ি সরানোসহ একের পর এক বিতর্কিত কার্যক্রমের জন্য বহিষ্কৃত হন এনামুল হক এনাম। তাকে তড়িঘড়ি করে দলে ফিরিয়ে প্রার্থী করার বিষয়টি জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীদের বড় একটি অংশই মেনে নিতে পারেনি। এমন বিতর্কিত ব্যক্তিকে প্রার্থী করলে এই আসনে বিএনপির বিজয় অনিশ্চিত হয়ে পড়বে। সংসদীয় আসন চট্টগ্রাম-১২ (পটিয়া) ঘোষিত প্রাথমিক মনোনয়ন পুনঃর্বিবেচনার আবেদন জানানো হয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবরে।
বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত) মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, চিঠিটি তারেক রহমানের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম বলেন, ‘যে সারা বছর কানাডা থাকেন, যার কোনো রাজনৈতিক ভিত্তি নেই, বাড়ি নেই, ঘর নেই তারা যদি এসব বলে হয় নাকি।
খোরশেদ সাংবাদিকদের প্রতি ক্ষুব্ধ হয়ে বলেন, ‘চিঠি দেওয়া তো বড় কথা না, দপ্তর থেকে কি সংবাদ সম্মেলন করে গণমাধ্যমকে বিষয়টি নিয়ে জানানো হয়েছে? তা না হলে নিউজ কিভাবে করবেন? এটা কোন সাংবাদিকতার কাঠামোতে পড়ে আমি বিষয়টি বুঝতেছিনা। সারোয়ার বাবলার থেকে তো সাংবাদিকরা আরো খারাপ হয়ে গেছে, মানুষ মেরে ফেলার মতো অবস্থা।’