পটিয়া প্রতিনিধি
পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন গ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে নুর মোহাম্মদ (৪৩) নামে এক ব্যক্তিকে এলোপাতাড়ি মারধর করে আহত করার অভিযোগ উঠেছে তার সহোদর বড় ভাই শেখ আহম্মদের (৫৩) বিরুদ্ধে। এ ঘটনায় গত রবিবার রাতে আহত ছোটভাই নুর মোহাম্মদ পটিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, বাদি নুর মোহাম্মদ হুলাইন এলাকার মৌলভী আসাদ আলীর বাড়ির বাসিন্দা। তার দাবি শেখ আহম্মদ দীর্ঘদিন ধরে তার পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার পাঁয়তারা করে আসছিলেন। এ নিয়ে প্রায় সময় তাকে নানা হুমকি-ধমকিও দেওয়া হতো। রবিবার বিকেলে চলাচলের রাস্তা বন্ধ করতে দেখে তিনি বাধা দিলে শেখ আহম্মদ ক্ষুব্ধ হয়ে তাকে গাছের বাঠাম দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করেন। তার চিৎকারে স্ত্রী নুর কায়েস এগিয়ে এলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ করেন।
পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, ঘটনার বিষয়টি পুলিশ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিবে।









