পটিয়া প্রতিনিধি
পটিয়ায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার আনুমানিক বয়স ৪০। গতকাল শনিবার বিকেল তিনটার দিকে কুসুমপুরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের শান্তির মা দীঘি পুকুর থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার বিকাল ৩ টার দিকে কয়েকজন তরুণ খেলাধুলা শেষ করে পুকুরে গোসল করতে যায়। এসময় তারা বিবস্ত্র অবস্থায় একটি লাশ ভাসতে দেখেন। এরপর পুলিশকে খবর দিলে পটিয়া ফায়ার সার্ভিসের সহযোগিতায় পুলিশ মরদেহটি উদ্ধার করে। ওই ব্যক্তি কীভাবে মারা গেছে, তা কেউ নিশ্চিত করে জানাতে পারেনি।
পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা বলেন, পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়। শরীরের কয়েকটি জায়গায় ক্ষত চিহ্ন রয়েছে। পুকুরে থাকা মাছে খেয়েছে নাকি অন্য কারণে আঘাত তা খতিয়ে দেখছে পুলিশ। সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর ময়নাতদন্তের জন্য মরদেহ চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।










