পটিয়া প্রতিনিধি
চট্টগ্রামের পটিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার বাদামতল ও শান্তিরহাট এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দু’জন হলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহব্বায়ক নুরুল ইসলাম রুবেল (২৭) এবং সহ-সম্পাদক মো. সাজ্জাদ হোসেন রকি (২৬)।
পটিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পটিয়া থানায় একাধিক মামলা রয়েছে। তারা পেনাল কোড ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় অভিযুক্ত।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু’র সার্বিক তত্ত্বাবধানে, পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নোমান আহমদের নির্দেশনায় এবং পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামানের নেতৃত্বে একটি টিম এ অভিযান পরিচালনা করা হয়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, বৃহস্পতিবার সকাল থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এদিন দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান অব্যাহত থাকবে।











