পটিয়ায় কাসেম চেয়ারম্যানের জামিন নামঞ্জুর

2

পটিয়া প্রতিনিধি

পটিয়ায় যুবদল নেতা ও ব্যবসায়ী জোবাইদুল ইসলাম শিমুলকে হত্যাচেষ্টার ঘটনায় মামলার এজহারভুক্ত প্রধান আসামি কাশিয়াইশ ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কাশেমের জামিন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার পটিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বেগম তাররাহুম আহমেদ এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, কারাগারে থাকা আবুল কাশেমকে গতকাল বুধবার আদালতে স্বশরীরে হাজির করে জোবাইদুল ইসলাম শিমুলকে হত্যাচেষ্টার মামলায় শোন এরেস্ট দেখানোর কথা ছিল। কিন্তু কারাগারের একটি আবেদনের প্রেক্ষিতে অসুস্থতার জন্য তাকে আদালতে হাজির করতে পারেনি। তাই এ মামলার শুনানিতে আসামি হাজির না থাকায় আদালত তার জামিন নামঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ১৭ আগস্ট কাশিয়াইশ ইউনিয়নের বুধপুরা বাজারে যুবদল নেতা ও ব্যবসায়ী জোবাইদুল ইসলাম শিমুলকে (৩২) প্রকাশ্যে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় পুরো এলাকায় এখনো চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনার তিন দিন পর ২০ আগস্ট আহত শিমুলের মা শাহাজান বেগম বাদী হয়ে পটিয়া থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। মামলায় ১৩ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। প্রধান আসামি কাশিয়াইশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবুল কাশেম।